পেশাদার আয়ারল্যান্ডকে সমীহ বাংলাদেশ কোচের
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের প্রতি সমীহের কমতি নেই চন্দিকা হাথুরুসিংহের। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেতে শিষ্যদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন বাংলাদেশ কোচ।
নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে ২ উইকেটে হারে আইরিশরা। তারপরও আইসিসির সহযোগী দেশটিকে নিয়ে সতর্ক বাংলাদেশের কোচ হাথুরুসিংহে।
“যদিও গতকাল ওরা একটা হোঁচট খেয়েছে, আমি জানি, আয়ারল্যান্ড একটি পেশাদার দল। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো কিছুই অনুমান করা যায় না।”
টি-টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পরে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন হাথুরুসিংহে। এক ওভার ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে তাই পুরো ৪০ ওভার শিষ্যদের সামর্থ্যের পুরোটুকু চেয়েছেন তিনি।
“আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব। আমার মনে হয়, আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমাদের জিততে কোনো সমস্যা হবে না।”
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কন্ডিশন দুই দলের জন্যই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হাথুরুসিংহে।
