সিনিয়রদের ব্যাটিং নিয়ে হাথুরুসিংহের দুর্ভাবনা
দলের কয়েক জন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং নিয়ে চিন্তায় আছেন চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ কারও নাম না বললেও ইঙ্গিতটা রানে ফেরার লড়াইয়ে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দিকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খুব একটা ভালো করতে পারেননি সাকিব-মুশফিক। এশিয়া কাপেও নিজেদের ছায়া হয়েই ছিলেন এই দুই জন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তারা।
আগামী শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে জানান, শিষ্যদের আরও রান করতে দেখতে ভালো লাগবে তার।
“কয়েক জন সিনিয়র খেলোয়াড়কে নিয়ে দুর্ভাবনা আছে। আমরা জানি, ওরা এখন যা করছে এর চেয়ে অনেক ভালো করার সামর্থ্য ওদের রয়েছে।”
সাকিব-মুশফিকের মতো দুই ব্যাটসম্যান রান না পেলেও লড়াইয়ের পুঁজি পাওয়াকে বড় করে দেখছেন হাথুরুসিংহে।
“কোনো দলের প্রথম ছয়/সাত ব্যাটসম্যানের সবাই এক সঙ্গে ছন্দে থাকে না। ভালো ব্যাপার হচ্ছে, কয়েক জন রানে আছে। ওরা ভালো অবদান রাখছে, এতে যারা ভালো করছে না তাদের ওপর থেকে চাপটা কমে যাচ্ছে। আশা করি, ওরা খুব শিগগির রানে ফিরবে আর দলে অবদান রাখবে।”
