২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুমরাহকে নিয়ে তামিমদের ‘হোমওয়ার্ক’

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে ‘হোমওয়ার্ক’ করেই মাঠে নামছে বাংলাদেশ। তামিম ইকবালের বিশ্বাস, নবীন এই পেসার খুব ঝামেলায় ফেলতে পারবেন না বাংলাদেশকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

টি-টোয়েন্টি ২ ওভারের খেলা: তামিম
ফাইনালে সতীর্থদের কাছে তামিমের চাওয়া
এখনও ‘জায়ান্ট’ নয় বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ছন্দের অপেক্ষায় তামিম

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে প্রথমে নজর কেড়েছিলেন বুমরাহ। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। অভিষেকে অস্ট্রেলিয়ার ৩৩০ রান করার ম্যাচে ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেটে।

পরে আলো ছড়ান টি-টোয়েন্টিতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেকে নিয়েছিলেন ৩ উইকেট। এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টিতে উইকেট ১৪টি।

তবে এই পরিসংখ্যানই শুধু নয়, বুমরাহকে নিয়ে আলাদা করে ভাবার কারণ তার বোলিংয়ের ধরণও। অনেকটাই অপ্রথাগত অ্যাকশন ২২ বছর বয়সী ডানহাতি পেসারের, নতুন ব্যাটসম্যানের জন্য শুরুতে বুমরাহকে ধরে ফেলা একটু কঠিন।

রোববারের ফাইনালে বাংলাদেশের হয়ে কঠিন এই কাজটি করতে হবে তামিম ও সৌম্য সরকারকে। সবসময়ই শুরুতে স্ট্রাইক নিতে পছ্দ করেন তামিম, শুরুতে খেলবেন তিনিই।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে তামিম জানালেন, বুমরাহকে নিয়ে আলাদা করে ভেবেছেন তারাও।

“বুমরাহর বিষয়ে কথা হয়েছে আমাদের। ওর বোলিং টিভিতে দেখেছি। যতটা সম্ভব হোমওয়ার্ক করেছি ওকে নিয়ে। আমিই হয়ত শুরুতে খেলব ওকে। দেখা যাক কী হয়।”

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপের স্কোয়াডে শুরু থেকে ছিলেন না তামিম। সদ্যোজাত সন্তানের মুখ দেখে দেশে ফিরেছেন পরদিনই। মুস্তাফিজুর রহমানের চোট তামিমকে সুযোগ করে দিয়েছে খেলার।

পাকিস্তানকে হারিয়ে ফাইনাল ওঠার ম্যাচ দিয়েই ফিরেছেন তামিম। মোহাম্মদ আমিরকে দারুণ এক ফ্লিকে ছক্কাও মেরেছিলেন। তবে ফিরে যান ৭ রান করেই।

তামিম জানালেন, ফেরার ম্যাচ বলে একটু অস্বস্তি ছিল। জ্বলে ওঠার আশা করছেন ফাইনালে।

“গত ম্যাচে একটু নার্ভাসনেস ছিল। ১০-১২ দিনের গ্যাপ থাকার পর যে কোনো ব্যাটসম্যানের জন্যই খেলা কঠিন। একটা ব্যাপার ভালো হয়েছে যে ফাইনালের আগে ২-৩টি প্র্যাকটিস সেশন পাচ্ছি। আমি টি-টোয়েন্টি ফরম্যাটে সম্প্রতি যেভাবে খেলে সফল হয়েছি, সেভাবেই খেলার চেষ্টা করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে দিনটি আমার হবে।”