ফাইনালে সতীর্থদের কাছে তামিমের চাওয়া
এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারতের ওপর সমীহের কমতি নেই তামিম ইকবালের। তবে শিরোপা জয়ের আশা ছাড়ছেন না এই উদ্বোধনী ব্যাটসম্যান। ছন্দে থাকা মহেন্দ্র সিং ধোনির দলকে হারাতে সতীর্থদের কাছ থেকে তিন বিভাগেই সেরা ক্রিকেট তিনি।
আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একটা সময় পর্যন্ত খুব ভালো অবস্থানে ছিল স্বাগতিকরা। ভারতের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যর কথা মনে করিয়ে দিয়ে সতীর্থদের পুরো ম্যাচে এক তালে খেলে যেতে বলেছেন তামিম।
“ভারত অনেক শক্তিশালী একটি দল। ওরা এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলছে। প্রথম ম্যাচে ওরা খুব বাজে অবস্থা থেকে ফিরে এসে ম্যাচ জিতেছে। ওদের সেই স্কিল রয়েছে। ওই ভুলগুলো আমরা কম করলে সবকিছুই সম্ভব।”
ভারতের কাছে হারের পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে খুশি তামিম। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পাওয়া টানা তিন জয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে মাশরাফির বিন মুর্তজার দল।
“আমরাও খুব ভালো ক্রিকেট খেলেছি। শেষ তিন ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলে জিতেছি। ফাইনালে যে কোনো কিছুই হতে পারে। যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।”
এশিয়া কাপের খেলা দেখে তামিমের বিশ্বাস, ভারতকে হারাতে হলে নিজেদের সামের্থ্যর সবটুকু দিতে হবে তাদের।
“একটি জিনিস নিশ্চিত, ভারতের সঙ্গে জিততে হলে আমাদের তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আমাদের অনেক শক্তিশালী থাকতে হবে।”
