২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ‘জায়ান্ট’ নয় বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বড় দল হতে হলে বাংলাদেশকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। উদ্বোধনী এই ব্যাটসম্যানের বিশ্বাস, এই পথ পাড়ি দেওয়ার সামর্থ্য দলের আছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 07:11 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অনেকটাই প্রতিষ্ঠিত করতে পারলেও ধুঁকছিল টি-টোয়েন্টিতে। তবে এই সংস্করণেও উন্নতির প্রমাণ মিলেছে এবারের এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর বাংলাদেশ টানা দুই ম্যাচে হারিয়েছে টি-টোয়েন্টির সফল দুই দল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে। উঠেছে এশিয়া কাপের ফাইনালে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তামিম। এত দ্রুতই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় দল বলায় আপত্তি জানান তিনি।

“আমি মনে করি না এখনই আমাদের 'জায়ান্ট' বলা উচিত। এখনও অনেক পথ যেতে হবে আমাদের। এটা সত্য, এই টুর্নামেন্ট দিয়ে আমরা সামনের দিকে বড় একটি পদক্ষেপ নিয়েছি। তবে সেটি জায়ান্ট বলার মত না। আমরা উন্নতি করছি এই ফরম্যাটে। এভাবে এগোতে থাকলে ভবিষ্যতে হয়ত দারুণ কিছু হয়ে উঠতে পারব আমরা।”

এশিয়া কাপের ফাইনালে খেললেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনও আফগানিস্তানের পেছনে, দশ নম্বরে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ডে। প্রাথমিক পর্বের আবরণে যেটি আসলে একরকম বাছাইপর্বই।