টি-টোয়েন্টি ২ ওভারের খেলা: তামিম
টি-টোয়েন্টিতে খুব অল্প সময়েই ম্যাচের চিত্র বদলে যেতে পারে বলে মনে করেন তামিম ইকবাল। দলে সবার ভূমিকাই তাই দারুণ গুরুত্বপূর্ণ।
রোববার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম এই ম্যাচে খেলতে নামবেন পাকিস্তান সুপার লিগে অসাধারণ ব্যাটিং করার আত্মবিশ্বাস নিয়ে।
তবে নিজেকে আলাদা করে গুরুত্বপূর্ণ মানতে নারাজ তামিম। শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ওপেনার জানালেন, দায়িত্বটা সবাইকেই নিতে হবে।
“শুধু আমি নই, দলের সবাই মূল খেলোয়াড়। টি-টোয়েন্টি হয়ত ২০ ওভারের খেলা, তবে আমি মনে করি এটি ২ ওভারের খেলা। ব্যাটিংয়ে দুটি ওভারে ১৫ করে রান এলো অথবা বোলিংয়ে দুই ওভারে দুটি করে উইকেট; আচমকাই ম্যাচের রূপ বদলে যেতে পারে।”
ওপেনার হিসেবে যে একটা বাড়তি দায়িত্ব আছে, সেটি ভালো ভাবেই জানেন তামিম।
“আমার ও আমার পার্টনারের কাজ হলো দলকে ভালো শুরু এনে দেওয়া। প্রতিপক্ষ সবসময়ই চায় শুরুতে উইকেট নিতে, দায়িত্বটা তাই আরও বেশি থাকে। এই টুর্নামেন্টে ওপেনারদের সময়টা খুব কঠিনও যাচ্ছে। আমরা চেষ্টা করব উপভোগ করতে ও ভালো করতে।”
