মিরপুরে সাকিবকে ছাড়িয়ে তামিম
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। পরে মিরপুরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ওপেনার।
তামিমের আগে বাংলাদেশের আর একজনই এক মাঠে ২ হাজার রান করেছেন। মিরপুরেই ২ হাজার ৫০ রান সাকিব আল হাসানের।
মাইলফলক থেকে ১৭ রান দূরে থেকে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন তামিম। ইনিংসের দশম ওভারে লুক জংউইকে চার মেরে স্পর্শ করেন ২ হাজার।
তামিম থামেননি সেখানেই। নিজের অর্ধশত ছুঁয়েও এগিয়ে যান আরও। ছাড়িয়ে যান মিরপুরে সাকিবের রানকেও।
মিরপুরে ৬৫ ইনিংসে ২ হাজার ৫০ রান সাকিবের। তামিম সতীর্থকে ছাড়িয়ে গেলেন ঠিক ৬৫ ইনিংসেই। ৭৩ রানে স্টাম্পড হয়ে যখন থামলেন তামিম, মিরপুরে রান তার ২ হাজার ৫৬।
সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে এক মাঠে ২ হাজার রান আছে তামিম-সাকিব ছাড়া আর মাত্র ৫ জনের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান নিয়ে রেকর্ডের শীর্ষে সনাৎ জয়াসুরিয়া।
শারজাহতে ৫৯ ইনিংসে ২ হাজার ৪৬৪ রান করেছেন পাকিস্তানের ইনজামাম-উল-হক। একই মাঠে ৫১ ইনিংসে ২ হাজার ১৭৯ রান ইনজামামের দীর্ঘদিনের সতীর্থ সাইদ আনোয়ারের।
কলম্বোর প্রেমাদাসায় ৫৮ ইনিংসে ২ হাজার ১৫৬ রান করেছেন কুমার সাঙ্গাকারা। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাত্র ৪১ ইনিংসে ২ হাজার ১০৮ রান করেছেন রিকি পন্টিং।
