ইতিহাসে দ্বিতীয়বার তামিম-ইমরুলের ‘স্টাম্পড’
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সমান রান করে স্টাম্পড হয়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুই ওপেনারই সমান রানে স্টাম্পড, ওয়ানডে ক্রিকেট এই নিয়ে দেখল মাত্র দ্বিতীয়বার!
বুধবার শের-ই-বাংলায় ৭৩ রান করে সিকান্দার রাজার বলে স্টাম্পড হন ইমরুল কায়েস। খানিকপর ওপেনিং জুটির সঙ্গীকে অনুসরণ করেন তামিম ইকবালও। ৭৩ রান করে স্টাম্পড গ্রায়েম ক্রেমারের বলে!
এমন কিছু ওয়ানডে ক্রিকেট দেখেছিল আর একবারই, সেই ১৯৮৮ সালে। শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রজার হার্পারের অফ স্পিনে ৬৪ রানে স্টাম্পড হন পাকিস্তানি ওপেনার রমিজ রাজা। পরে আরেক অফ স্পিনার কার্ল হুপারের বলে ৬৪ রানেই স্টাম্পড হন মুদাসসর নজর।
এই দুই ম্যাচ ছাড়া দুই ওপেনারেরই স্টাম্পড হওয়া সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেট দেখেছে আর মাত্র ৮ বার।
প্রথমটি ছিল ১৯৮২ সালে, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ইংলিশ ওপেনার জিওফ কুক ৩২ রানে স্টাম্পড হন অজিত ডি সিলভার বলে। লঙ্কান বাঁহতি স্পিনার পরে ৭৪ রানে স্টাম্পড করেন গ্রাহাম গুচকে।
১৯৮৪ সালে আহমেদাবাদে ভারতের দুই ওপেনারকে স্টাম্পড করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার টম হগান। ৪৫ রানে স্টাম্পড হয়েছিলেন রবি শাস্ত্রী, ৫৭ রানে রজার বিনি।
দৃশ্যপটে এরপর আবার দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপারকে। আবারও সেই শারজাহতে, প্রতিপক্ষ এবার ভারত। স্টাম্পড হওয়া এক ব্যাটসম্যানও পান পুরোনো স্বাদ, রবি শাস্ত্রী! ৬ রান করে সেদিন হুপারের বলে স্টাম্পড হয়েছিলেন শাস্ত্রী। ৯৮ রানে হুপারের বলে স্টাম্পড নভোজ্যোত সিং সিধু।
১৯৯৪ সালে লাহোরে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে স্টাম্পড করেছিলেন দক্ষিণ আফ্রিকার টিম শ। ৪৪ রানে মাইকেল স্ল্যাটারকে ফিরিয়েছিলেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার, ৫৬ রানে মার্ক টেলরকে।
পরেরবারও এই ঘটনা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে, ১৯৯৮ সালে। তবে এবার দুই দল উল্টোপ্রান্তে। প্রিয় শিকার ড্যারিল কালিনানকে (২৬) স্টাম্পড করেছিলেন শেন ওয়ার্ন, মার্ক ওয়াহর অফ স্পিনে স্টাম্পড গ্যারি কারস্টেন (৭০)।
ওই বছরই আবার দেখা গেল দুই ওপেনারকে স্টাম্পড হতে। হারারেতে জিম্বাবুয়ের অ্যালিস্টার ক্যাম্পবেল ১২ রানে স্টাম্পড হলেন মোহাম্মদ হোসেনের বলে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার পরে ৮১ রানে স্টাম্পড করলেন গ্রান্ট ফ্লাওয়ারকে।
বুধবারের আগে দুই ওপেনারের স্টাম্পিংয়ে সবশেষ দুবারও ছিল বাংলাদেশের নাম। ১৯৯৯ বিশ্বকাপে চেস্টার-লি-স্ট্রিটে এনামুল হকের বাঁহাতি স্পিনে স্টাম্পড হয়েছিলেন মার্ক ওয়াহ। ৬৩ রানে মিনহাজুল আবেদিনের বলে স্টাম্পড হয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
আর এবারের আগে সবশেষটি ঘটনাটির বয়স ছিল এক যুগের বেশি। ২০০৩ সালে করাচিতে মোহাম্মদ রফিকের বলে ৪৪ রানে স্টাম্পড হয়েছিলেন হাফিজ; ৮২ রানে রাজিন সালেহর বলে স্টাম্পড ইয়াসির হামিদ।
