সমান রানে সবার ওপরে তামিম-ইমরুল
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দুজনই আউট হয়েছেন ৭৩ রানে। ওয়ানডেতে এক ইনিংসে দুই ওপেনারের সমান রানের তালিকায় সবচেয়ে বেশি রান এই দুজনেরই।
বুধবার শের-ই-বাংলায় ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তামিম ও ইমরুল। এই দুজনের এটি প্রথম শতরানের জুটি। জুটিটি ভাঙে ইমরুলের বিদায়ে। ৭৩ রান করে স্টাম্পড হন ইমরুল। খানিক পর তামিমও আউট ৭৩ রান করেই।
তামিম-ইমরুল আউট হয়েছেন রিচি রিচার্ডসন ও ডেসমন্ড হেইন্সের চেয়ে ১ রান বেশি করে। ১৯৮৫ সালে শারজায় ভারতের বিপক্ষে উদ্বোধন করতে নেমে দুই ক্যারিবিয়ান ওপেনারই করেছিলেন ৭২। ১০৩ বলে ৭২ করে রাজিন্দর সিং ঘাইয়ের বলে আউট হয়েছিলেন রিচার্ডসন। ১০৫ বলে ৭২ করে অপরাজিত ছিলেন হেইন্স।
এর পরের সর্বোচ্চ রানে দুই ওপেনারই ছিলেন অপরাজিত! সেটিতে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০০৫ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ১৩৯ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়েই জিতে গিয়েছিল ১৯ ওভারে। ৬০ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ৫৪ বলে ৬৬ রান ম্যাথু হেইডেনের।
