বোলারদের প্রশংসায় অধিনায়ক
চলতি বছর ওয়ানডেতে দারুণ সফল বাংলাদেশ। ১৭ ম্যাচ খেলে ১২টিতেই জিতেছে তারা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, এই সাফল্যে দারুণ অবদান রয়েছে দলের বোলিং বিভাগের।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২৪২ রানের লক্ষ্য দিয়েও ৫৮ রানে জেতে বাংলাদেশ। এর আগের ম্যাচে অতিথিদের ১২৮ রানে গুড়িয়ে দিয়ে ১৪৫ রানে জেতে মাশরাফির দল।
টানা পঞ্চম সিরিজ জেতার পর সংবাদ সম্মেলনে মাশরাফি প্রশংসায় ভাসান সতীর্থ বোলারদের।
“গত বিশ্বকাপ বা তার আগে থেকেই আমরা বেশিরভাগ ম্যাচ জিতছি কারণ আমাদের বোলিং ইউনিট খুব ভালো করছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে বৈচিত্র্য আছে অনেক। সবাই নিজের কাজটা করতে পারলে প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন হয়ে ওঠে।”
মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছেন অভিষেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া মুস্তাফিজুর রহমান। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠার আগে দেশের সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার আল আমিন হোসেন।
স্পিনেও বৈচিত্র্য কম নেই মাশরাফির হাতে। তিন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, আরাফাত সানি ও তাইজুল ইসলামের সঙ্গে আছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। দুই অফ স্পিন অলরাউন্ডার নাসির হোসেন ও মাহমুদউল্লাহও বোলিং বিভাগে যোগ করেছেন বাড়তি শক্তি।
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু ক্রিটিক্যাল উইকেট ছিল। কিন্তু ভারত ও পাকিস্তান সিরিজে খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। কিন্তু ওই দুই সিরিজেও আমাদের বোলাররা ভালো করেছে। আমি মনে করি, এই সমন্বয়টা ভালো যাচ্ছে আমাদের। নতুন যে আসছে বা ফিরছে সে ভালো করছে। দলের জন্য এটা দারুণ ব্যাপার।”
