সুযোগ হারানোর আক্ষেপ চিগুম্বুরার
সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ওয়ানডেতে জেতার কোনো বিকল্প ছিল না জিম্বাবুয়ের। সাকিব আল হাসান বিহীন বাংলাদেশকে ২৪১ রানে বেধে রেখে সুযোগ তৈরি করে দিয়েছিলেন বোলাররাও। সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় ব্যাটসম্যানদেরই দুষছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ২৪২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫৮ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ায় অতিথিরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথা লুকাননি চিগুম্বুরা।
“২৪০ রানের লক্ষ্য তাড়া করতে জিততে না পারলে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। এই উইকেটে ওই লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল।”
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভারে ৪৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। চিগুম্বুরা জানান, প্রথম ১০ ওভারে তিন উইকেট হারানোয় শুরুতেই চাপে পড়ে গিয়েছিলেন তারা।
তারপরও সিকান্দার রাজার সঙ্গে জিম্বাবুয়ে অধিনায়কের ৭৩ রানের জুটি জয়ের পথে নিয়ে এসেছিল অতিথিদের। পরপর দুই ওভারে রাজা ও চিগুম্বুরাকে বিদায় করে বাংলাদেশের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন পেসার আল আমিন হোসেন।
চিগুম্বুরা মনে করেন, তিনি ও রাজা আর ৫ ওভার ব্যাট করতে পারলে খেলার চিত্রটা ভিন্ন রকম হত।
“আমিসহ আমাদের ব্যাটসম্যানরা সুযোগটি হারিয়েছি। আমার আর রাজার সামনে দলকে জেতানোর সুযোগ ছিল।”
ওয়ানডে সিরিজে একটি জয়ের জন্য প্রথম দুই ম্যাচের ব্যর্থতা থেকে সতীর্থদের শিক্ষা নিতে বলেছেন চিগুম্বুরা।
“আমাদের দুই-তিন জন বাটসম্যানকে শেষ পর্যন্ত থাকতে হবে। মানিয়ে নিতে ব্যাটসম্যানদের উইকেটে আরও বেশি সময় কাটাতে হবে। নিজেদের গুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। কঠিন পরিস্থিতিতে কেবল টিকে থাকতে হবে। পরের ম্যাচে আমাদের ব্যাটিংয়ে আরও ভালো করতে হবে।”
