২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। তবে তাদেরকে একটুও হালকা করে দেখতে নারাজ পেসার তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 07:19 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

মুস্তাফিজের সঙ্গে জুটিতে রোমাঞ্চিত তাসকিন
টেস্টের তাড়না দমে যায়নি তাসকিনের
চোট কাটিয়ে প্রস্তুত তাসকিন

গত বছর অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে এসে ৩ টেস্ট ও ৫ ওয়ানডের সফরে সব ম্যাচ হেরে গেছে জিম্বাবুয়ে। এবার বাংলাদেশে আসছে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে। সহযোগী দেশ হয়েও আফগানিস্তান প্রথমবারের মত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। আফগানিস্তানের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে সিরিজ জিতেছিল কষ্টে (২-১)। ওয়ানডেতে এ বছর দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের কাছে এই কন্ডিশনে তাই পাত্তা পাওয়ার কথা নয় জিম্বাবুয়ের।

তবে মাঠে নামার আগে প্রতিপক্ষকে এভাবে উড়িয়ে দিচ্ছেন না তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের প্রস্তুতি শুরু হয়েছে বৃহস্পতিবার। অনুশীলন শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যম্যের মুখোমুখি হয়ে আসছে সিরিজ নিয়ে তার ভাবনা জানালেন তরুণ ফাস্ট বোলার।

“আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজই বড়, প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া। কোনো সিরিজকেই কম কঠিন ভাবার কারণ নেই।”

তাসকিনের ধারণা, এই সিরিজেও জিততে হলে উজার করে দিতে হবে নিজেদের।

“জিম্বাবুয়ে ভালো দল। একটা সিরিজ যে কোনো দলেরই খারাপ যেতে পারে। তাতেই ওরা খারাপ দল হয়ে যাচ্ছে না। ওদের ছোট করে দেখার কিছু নেই। জিততে হলে আমাদের সবার সেরাটা খেলেই জিততে হবে।”

৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল।