২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে প্রস্তুত তাসকিন

দু দফা চোট কাটিয়ে উঠেছেন তাসকিন আহমেদ। তরুণ ফাস্ট বোলার জানালেন, জিম্বাবুয়ে সিরিজে খেলতে তিনি প্রস্তুত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 07:11 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

মুস্তাফিজের সঙ্গে জুটিতে রোমাঞ্চিত তাসকিন
টেস্টের তাড়না দমে যায়নি তাসকিনের
‘জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই’

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের প্রস্তুতি শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন টানা অনুশীলনে। চোট কাটিয়ে মাঠে ফেরার পথে পুনর্বাসন চলছিল তার এক মাসেরও বেশি সময় ধরে।

গত জুনে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে প্রথম দফায় চোট পান তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতে শরীরে বাঁ পাশে টান অনুভব করায় ৪ ওভারের বেশি বোলিং করতে পারেননি। পরে অনুশীলনে সাইড স্ট্রেইন নিয়ে খেলতে পারেননি ওই সিরিজের শেষ ওয়ানডে। সেবার মাঠের বাইরে ছিলেন মাসখানেক। খেলতে পারেননি জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও।

সেই চোট কাটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন ভারত সফরে। কিন্তু প্রথম ম্যাচেই ৫ ওভার বোলিং করার পর সেই একই পাশে আবার সাইড স্ট্রেইন। দেশে ফিরে আবার মাঠে ফেরার লড়াই। পাঁচ সপ্তাহ জুড়ে চলে পুনবার্সন।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানালেন, মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

“এখন সমস্যা নেই। গত ৫ দিন নেটে বোলিং করেছি। গতকাল ও আজকে শতভাগ দিয়েই বোলিং করেছি; বল করেছি। কোনো সমস্যা হয়নি। আশা করছি সামনেও সমস্যা হবে না।”

একই জায়গায় দুবার চোট পাওয়ার পেছনে তাসকিন দায় দিলেন নিজের অস্থিরতাকেই। ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তাড়াহুড়ো করেননি।

“গতবার আমি হয়ত একটু তাড়াহুড়ো করেছিলাম। পুরোপুরি সেরে ওঠেনি, তার আগেই চাপ দিয়ে ফেলেছিলাম। আমি এখন পুরোপুরি ঠিক, গত পাঁচ সপ্তাহ ভালোমত পুনবার্সন করেছি। এখন কোনো সমস্যা নেই। পুরো ছন্দেই বোলিং করছি।”

তাসকিনের বিশ্বাস, ২-১ দিনের মধ্যেই পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাবেন ম্যাচে বোলিং করার।

“আজকে বোলিং করে বুঝলাম যে পুরো গতিই আছে। সব ঠিকঠাক। বোলিং করে কোনো অভিযোগ করিনি ফিজিওর কাছে। আশা করছি, আর দু-একদিন এভাবে বোলিং করতে পারলে আত্মবিশ্বাসও পুরোপুরি ফিরে পাব।”

৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২ নভেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।