২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের সঙ্গে জুটিতে রোমাঞ্চিত তাসকিন

মুস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং জুটির ভাবনায় রোমাঞ্চিত তাসকিন আহমেদ। বাংলাদেশের তরুণ এই পেসারের বিশ্বাস, দুজনের জুটি জমবে ভালো।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:52 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মুস্তাফিজের প্রথম দুই ওয়ানডেতেই নতুন বলে জুটি বেধেছিলেন দুজন; গত জুনে, ভারতের বিপক্ষে। সেই অভিজ্ঞতা তাদের জন্য ছিল দারুণ রোমাঞ্চকর। শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে ফিরিয়ে দারুণ দুটি ব্রেক থ্রু দিয়েছিলেন তাসকিন। পরে মুস্তাফিজ নিয়েছিলেন ৫ উইকেট। পরের ওয়ানডেতেও নতুন বল হাতে নিয়েছিলেন দুজন। এবার ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন মুস্তাফিজ, চোটের কারণে ৪ ওভারের বেশি বোলিং করতে পারেননি তাসকিন। খেলতে পারেননি সিরিজের শেষ ম্যাচও।

চোট নিয়ে তাসকিন পরে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সিরিজেও। সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে বাধিয়েছেন আরেক দফা চোট। তবে এখন তিনি মাঠে ফেরার অপেক্ষায়। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের প্রস্তুতি। অনুশীলনে পুরোদমে বোলিং করেছেন তাসকিন।

চোট পুরোপুরি সেরে গেছে বলে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দলেও থাকার আশা করছেন তাসকিন। অনুশীলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন মুস্তাফিজের সঙ্গে সম্ভাব্য জুটি নিয়ে রোমাঞ্চের কথা। তার বিশ্বাস, দুজন পুরোপুরি দুই রকমের বোলার বলে দারুণ কার্যকরী হবে দুজনের জুটি।

“আশা করছি, আমাদের জুটি অনেক জমবে। মুস্তাফিজ আতঙ্ক সৃষ্টি করবে ওর বৈচিত্র দিয়ে, আমি গতি দিয়ে। ব্যাটসম্যানরা যেন কোনো স্বস্তি না পায়। একপাশ থেকে আমি বাউন্সার ছুড়ব, আরেকপাশ থেকে মুস্তাফিজ কাটার মারবে। ব্যাটসম্যান সব সময় সংশয়ে, অস্বস্তিতে থাকবে।”

দুজনেরই বয়স মাত্র ২০। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাও সবে শুরু। তাসকিনের বিশ্বাস, তাদের পেস জুটি আরও অনেক দিন ভরসা হয়ে থাকবে দলের জন্য।

“বাংলাদেশ দলে সবচেয়ে তরুণ বলতে আমি আর মুস্তাফিজ। আমরা চাই, ভবিষ্যতে যেন বাংলাদেশ দলের হাল ধরতে পারি। অনেক দিন একসঙ্গে দলে অবদান রাখতে পারি।”

ক্রিকেটে উদ্বোধনী জুটি, পেস বা স্পিন জুটি, সবক্ষেত্রেই মাঠের ভেতরের মত মাঠের বাইরেও সম্পর্কের রসায়ন খুব গুরুত্বপূর্ণ। তাসকিন জানালেন, মুস্তাফিজের সঙ্গে মাঠের বাইরেও দারুণ জমে তার।

“ওর সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো। বয়স তো প্রায় একই, সে ছেলেও ভালো। সতীর্থ হিসেবে দারুণ। সব মিলিয়ে খুব ভালো মিলছে ওর সঙ্গে।”