টেস্টের তাড়না দমে যায়নি তাসকিনের
তাসকিন আহমেদের টেস্ট খেলার স্বপ্ন পূরণে আসছে একের পর এক বাধা। তবু দমে না গিয়ে বড় দৈর্ঘ্যের এই ক্রিকেটে খেলার লক্ষ্য স্থির করেছেন তরুণ এই ফাস্ট বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই বড় একটা চোটের ধাক্কা সামলাতে হয়েছে তাসকিন আহমেদকে। ভবিষ্যতের নানা পার্শ্বপ্রতিক্রয়ার কথা ভেবে তখন অস্ত্রোপচার করায়নি বিসিবি; বরং ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলা হয়েছে। প্রায় দুই বছর সময় লেগেছে পিঠের সেই চোট কাটাতে।
আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরও তাসকিনের নিত্যসঙ্গী হয়ে আছে চোট। গত কিছুদিনেই চোটে পড়েছেন দুই দফায়। যার শেষটি ছিল তার টেস্ট ক্রিকেট খেলার পথে বড় ধাক্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্যাপ মাথায় তোলার ইচ্ছে ছিল তাসকিনের। সে জন্য সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে খেলতে চেয়েছিলেন তিনদিনের ম্যাচ। কিন্তু বিধিবাম; সফরের প্রথম একদিনের ম্যাচেই সাইড স্ট্রেইন নিয়ে মাঠ ছাড়তে হয়। পরে ফিরে আসেন দেশেও। ৫ সপ্তাহের পুনবার্সন শেষে এখন মাঠে আবার ফেরার অপেক্ষায় আছেন তাসকিন।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলেও আছেন তাসকিন। বৃহস্পতিবার শুরু হলো প্রাথমিক দলের প্রস্তুতি। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, সবশেষ চোটের ধাক্কাতেও দমে যায়নি টেস্ট খেলার স্বপ্ন।
“স্বপ্ন এখনও অবশ্যই আছে। টেস্ট খেলতে না পারলে কোনো ক্রিকেটারের পূর্ণতা আসে না। আমারও স্বপ্ন টেস্ট খেলা। শুধু টেস্ট নয়, সব সংস্করণই নিয়মিত খেলা। আশা করছি পারব। এ জন্যই পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছি। সুযোগ এলে অবশ্যই পারব।”
টেস্ট খেলার তাড়নায় পরিশ্রম বাড়িয়ে দেওয়ার কিছু নমুনাও শোনালেন তাসকিন।
“ফিটনেস, স্কিল সবকিছু বাড়াতেই কাজ করছি। ট্রেনাররা নতুন নতুন প্রোগ্রাম দিচ্ছেন যেন শুধু ফিটনেস না, সঙ্গে স্কিল বাড়ে, স্থায়ীত্বও বাড়ে। সব কিছু মিলিয়েই কাজ করছি। অনেক পরিশ্রম করছি।”
এই বছর বাংলাদেশের কোনো টেস্ট নেই। নিজেকে আরও প্রস্তুত করতে তাই সময় পাচ্ছেন তাসকিন। আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হওয়ার কথা দুটি টেস্ট। সে দিকেই আপাতত নজর রাখতে পারেন তিনি।
তার আগে অবশ্য রঙিন পোশাকের পরীক্ষা। ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল।
