নিজেদের ‘ভাগ্যবান’ মানছেন পুজারা
বাংলাদেশ ছেড়েছে তিনটি ক্যাচ, নেয়নি একটি রিভিউ। সঙ্গে আছে স্টাম্পে বল লেগেও বেলস না পড়ার ঘটনা।
স্টাম্পের কাছাকাছি গিয়ে ফুঁ দিতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ইয়াসির আলি চৌধুরি সরাসরি বেলসে হাত দিয়েই দেখলেন, আসলে হলোটা কী! অভিষিক্ত জাকির হাসানের মুখে তখন অবিশ্বাসের হাসি। ইবাদত হোসেনের বিস্ময়ের ঘোর তো কাটছিলই না। বল স্টাম্পে লেগের বাতি জ্বললেও বেলস না পড়ার ঘটনা যেন হজমই করতে পারছিলেন না বাংলাদেশ দলের কেউ।
পুরোপুরি ভিন্ন চিত্র ভারতীয়দের। নিশ্চিত আউট থেকে বেঁচে যাওয়ায় শ্রেয়াসকে ‘ভাগ্যবান’ বললেন চেতেশ্বর পুজারা। অবশ্য শুধু বেলস না পড়া নয়, চট্টগ্রাম টেস্টের প্রথম দিন আরও অন্তত চারবার ভাগ্যকে পাশে পেয়েছে সফরকারীরা। ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শেষ করে পুজারা বললেন, তাদের গোটা দলেরই ভাগ্য এ দিন সুপ্রসন্ন ছিল।
দিনের প্রায় শেষ দিকে ভারতের ইনিংসের ৮৪তম ওভারের ঘটনা। ইবাদতের অফ স্টাম্প লাইনের ডেলিভারি খানিক নিচু হয়ে আঘাত হানে শ্রেয়াসের অফ স্টাম্পের বাইরের দিকে। সঙ্গে সঙ্গে জ্বলে উঠে জিং বেলস। কিন্তু জায়গা থেকে নড়েনি বেলস, থেকে যায় স্টাম্পসের ওপরেই।
ইবাদত তখন আঙুল দিয়ে দেখাচ্ছিলেন স্টাম্পের দিকে। শ্রেয়াসের মুখে তখন স্বস্তির হাসি। দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়ার আবার এমনভাবে জীবন পাবেন, তা হয়তো ভাবেননি শ্রেয়াস নিজেও। তখন তার মনের ভাবনা কী ছিল সেটি জানা যায়নি। তবে অপরপ্রান্তে থাকা পুজারা ভেবেছিলেন আউট হয়ে গেছেন তার সতীর্থ।
এই ঘটনার আগে দুইবার ক্যাচও দিয়েছিলেন শ্রেয়াস। কিন্তু তার ৩০ ও ৬৭ সেই দুই সুযোগ কাজে লাগাতে পারেননি নুরুল হাসান সোহান ও ইবাদত হোসেন। তিনবার বেঁচে যাওয়া শ্রেয়াস শেষ পর্যন্ত বাংলাদেশের বাধা হয়ে অপরাজিত রয়েছেন ৮২ রানে।
৯০ রান করে আউট হয়ে যাওয়া পুজারা সংবাদ সম্মেলনে বললেন, তারা এখন তাকিয়ে শ্রেয়াসের ব্যাটে।
“সত্যি বলতে, সে (শ্রেয়াস) আসলে ভাগ্যবান। অন্য প্রান্ত থেকে দেখে তো আউটই মনে হয়েছে। রিপ্লে দেখলে বুঝবেন, বেল উঠে গেলেও পড়েনি। শুধু শ্রেয়াস নয়, দল হিসেবেই আমরা ভাগ্যবান। কাল (বৃহস্পতিবার) তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি সে আরও কিছু রান যোগ করবে।”
শ্রেয়াসের মতো নাটকীয়ভাবে জীবন না পেলেও ব্যাটিংয়ের শুরুতে একবার বেঁচে যান পুজারাও। ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল তার ব্যাটের কানায় লেগে পেছনে গেলেও গ্লাভসে জমাতে পারেননি উইকেটরক্ষক সোহান। তিনি তখন খেলছিলেন স্রেফ ১২ রানে। শেষ পর্যন্ত আউট হন ১১ চারে ৯০ রান করে।
২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টের পর থেকে তিন অঙ্কের দেখা নেই পুজারার ব্যাটে। এ সময়ের মধ্যে ২৯ ম্যাচ খেলে ফিফটি পেরিয়েছেন ১৪ বার। ৮০ পেরিয়েও সেঞ্চুরি করতে পারেননি তিন ইনিংসে।
তার অবশ্য দাবি, সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নেই। বরং চাপের মুখে দলে স্বস্তি ফেরাতে পারায় তৃপ্ত অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
“এই পিচে ব্যাটিং সহজ নয়। নিজের ব্যাটিং নিয়ে আমি খুশি। মাঝে মাঝে আমরা এসব মাইলফলক (সেঞ্চুরি) নিয়ে ভাবি। তবে খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখান থেকে দল জিততে পারে।”
“মনে হচ্ছে এই উইকেটে ফল আসবে। আমাদের রান দরকার ছিল। শ্রেয়াস, পান্তের সঙ্গে জুটি গড়া গুরুত্বপূর্ণ ছিল। এভাবে ব্যাটিং করতে পারলে আশা করি দ্রুতই পেয়ে যাব (সেঞ্চুরি)।”
শুবমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলি দ্রুত ফিরে যাওয়ার পর ভারতের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্বটা ভালোভাবেই সামাল দেন পুজারা। প্রথম রিশাভ পান্তের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি। ওই জুটিতে অবশ্য একক দাপট ছিল পান্তের। পুজারা ছিলেন সহায়ক ভূমিকায়। পরে শ্রেয়াসের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ১৪৯ রান।
