17 Oct 2026, 05:20 PM
জিম্বাবুয়ের একাদশেও তিন পেসার
বাংলাদেশের মতো জিম্বাবুয়ের একাদশেও পেসার তিনজন- ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামুরির। স্পিন বিভাগে আছেন ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে আছেন দুই অলরাউন্ডার সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরে।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভাইন, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, ব্রেন্ডন টেইলর, টাফাডজোয়া সিগা।
17 Oct 2026, 05:14 PM
নেই লিটন-মিরাজ, তিন পেসারের বাংলাদেশ
আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেও চোটের ব্যাপারে পাওয়া যায়নি কোনো আভাস। তবে টসের সময় জানা গেল, কিছুটা চোট সমস্যা রয়েছে লিটন দাসের। তার অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। আর কিপিংয়ের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।
ফলে পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের শুরু পিছিয়ে গেল কিছুটা। এর বাইরে জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের।
বোলিং বিভাগে তিন পেসার- শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন মোসাদ্দেক হোসেন। এছাড়া দলের প্রয়োজনে সাইফ হাসান ও সৌম্য সরকারকেও দেখা যেতে পারে বোলিংইয়ে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
17 Oct 2026, 05:05 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের শুরুতেই ধাক্কা। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের জায়গায় টস করতে এলেন তাওহিদ হৃদয়। টস হারলেন তিনি।
টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।অভিজ্ঞ অলরাউন্ডার নিলেন ব্যাটিং।
17 Oct 2026, 04:52 PM
জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জিততে না পারার হতাশার মাঝেই ফের মাঠে নামছে বাংলাদেশ। এবার তাদের সামনে চ্যালেঞ্জ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে অন্য দুই দল জিম্বাবুয়ে ও আফগানিস্তান।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাস ও তার সতীর্থরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।
এমনিতে জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। দুই দলের ফল হওয়া ৮৪ ম্যাচের ৫২টিতে জিতেছে তারা, হেরেছে ৩২টিতে। কিন্তু জিম্বাবুয়েতে ২০২২ ও ২০২৬ সালে দুটি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
২০০৬ সালের পর এই প্রথম নিরপেক্ষ ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ।
17 Oct 2026, 04:46 PM
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।