১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে ‘ভালো খেলে’ বিশ্বকাপ শুরুর লক্ষ্য আইরিশদের

আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের মতে, প্রথম ম্যাচে ভালো করার আত্মবিশ্বাস টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:39 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ভারতকে পেয়েছে আয়ারল্যান্ড। ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পল স্টার্লিং। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ভালো খেলে টুর্নামেন্ট শুরু করতে চান তারা। আইরিশ অধিনায়কের মতে, এই পারফরম্যান্সের আত্মবিশ্বাসই পরের ম্যাচগুলোতে তাদের সাহায্য করবে।

নিউ ইয়র্কে বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিশ্বকাপ অভিযান। টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে সপ্তমবার অংশ নেওয়া দলটি গ্রুপ পর্বে পেয়েছে এশিয়ার আরেক শক্তিশালী দল পাকিস্তানকে।

বাবর আজমদের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আইরিশরা। তবে এই দুই প্রতিপক্ষকেও বেশ সমীহ করছেন স্টার্লিং। বিশেষ করে, বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানো যুক্তরাষ্ট্রকে কঠিন প্রতিপক্ষই মনে করছেন তিনি।

তবে আপাতত ভারত ম্যাচেই সব মনোযোগ দিতে চান আইরিশ অধিনায়ক। দলটির বিপক্ষে যে এখন পর্যন্ত কোনো ম্যাচই জেতেনি তারা। তিনটি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলে সবকটিতে পেয়েছে হারের তেতো স্বাদ।

২০২২ সালে টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে ভালোই লড়াই করেছিল তারা। ডাবলিনে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের ২২৫ রান তাড়ায় হেরেছিল কেবল ৪ রানে।

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড। ২০০৯ ইংল্যান্ড আসরে এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে হেরেছিল তারা ৮ উইকেটে। তাই ভালো খেলতে পারাকেই বড় অর্জন হবে মনে করেন স্টার্লিং।

“ভারত সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ- তাদের বেশ কয়েকজন শীর্ষমানের বোলার আছে, তারা সবেমাত্র আইপিএল খেলে এসেছে। আমরা জানি, তারা যে মানের তা ক্রিকেটের মানদণ্ডে সর্বোচ্চ।”

“যাই হোক না কেন, (ভারতের বিপক্ষে) ভালো পারফরম্যান্স করতে পারলে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।”