২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ম্যাচেও ‘২৪ গজ ডেলিভারি’ করবেন ওয়াট, বিশ্বাস লিস্কের

ওমানের বিপক্ষে স্কটিশ স্পিনারের এমন দুটি ডেলিভারি ‘ডেড বল’ দেওয়ায় চলছে বিতর্ক, যার মধ্যে একটিতে উইকেটও পেয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 03:04 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

স্টাম্পের পেছন থেকে হুট করে বল ছেড়ে দিয়ে ব্যাটসম্যানকে চমকে দেওয়া মার্ক ওয়াটের বোলিংয়ের সবচেয়ে বড় বৈচিত্র্য। ২৪ গজ দূর থেকে বোলিং করে অনেক উইকেটও পেয়েছেন স্কটল্যান্ডের বাঁহাতি এই স্পিনার। কিন্তু ওমানের বিপক্ষে তার এমন দুটি ডেলিভারি ‘ডেড বল’ দেওয়ায় চলছে বিতর্ক। মাইকেল লিস্কের বিশ্বাস, তবুও অস্ট্রেলিয়া ম্যাচে নিজের ‘ট্রেডমার্ক’ ডেলিভারি করবেন তার সতীর্থ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে স্কটল্যান্ডকে। ম্যাচ পরিত্যক্ত হলেও পরের ধাপে যাবে দলটি। ২০২১ আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে স্কটিশদের বড় অস্ত্র হতে পারেন ওয়াট। বিশেষ করে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বোকা বানাতে তার ‘২৪ গজের ডেলিভারি’ রাখতে পারে বড় ভুমিকা।

বোলিংয়ের এই বৈচিত্র্য ওয়াটকে এনে দেয় অনেক সাফল্য। আলাদা করে বলতে হয়, গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পথে তিনটি উইকেটই তিনি নিয়েছিলেন স্টাম্পের পেছন থেকে বোলিং করে। এমন ডেলিভারি করার কারণ জানালেন ২৭ বছর বয়সী এই স্পিনার।

“এটা স্রেফ ব্যাটসম্যানদের তাড়াহুড়া করানোর চেষ্টা। যতক্ষণে আমি বল ছেড়ে দিচ্ছি, ততক্ষণে ব্যাটসম্যান উপরে তাকাচ্ছে এবং বলটি পিচের অর্ধেক চলে যাচ্ছে।” 

তবে গত রোববার ওমানকে ৭ উইকেটে হারানো ম্যাচে ওয়াটের ২৪ গজ দূর থেকে করা দুটি ডেলিভারি ‘ডেড বল’ ডাকেন আম্পায়ার ক্রিস ব্রাউন। দুইবারই শেষ মুহূর্তে সরে দাঁড়ান ব্যাটসম্যান খালিদ কাইল। দ্বিতীয়বার বল স্টাম্পে ছোবল দিলে ওয়াট ও স্কটল্যান্ড অধিনায়ক আম্পায়ারের সঙ্গে কথা বলেন এবং ‘ডেড বল’ দেওয়ার কারণ জানতে চান।

সেই সময় ধারাভাষ্যকার টম মুডি এনিয়ে নিজের মতামত দিয়ে বলেন, “ব্যাটসম্যান বোলারের দিকে তাকিয়েছে। সে প্রস্তুত। আমার মনে হয়, এটা বৈধ বল ছিল। যখনই ব্যাটসম্যান ব্যাট নামিয়ে, মুখ তুলে বোলারের দিকে তাকাবে, তখন সে বল মোকাবেলার জন্য প্রস্তুত।” 

ওয়াটের ডেলিভারি ‘ডেড বল’ ডাকার কারণ খুঁজে পাচ্ছে না স্কটল্যান্ড। দলটির অলরাউন্ডার লিস্কের মতে, বল মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল ব্যাটসম্যান।

“সে এমন বোলিং অনেক করেছে এবং এই বৈচিত্র্য দিয়ে অনেক উইকেটও পেয়েছে। আমার মনে হয়, তারা (আম্পায়ার) ব্যাটসম্যানকে একবার সতর্ক করতে পারত, কিন্তু তারা ধরে নিয়েছিল, ব্যাটসম্যান (বোলারের দিকে) তাকিয়ে ছিল না। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ব্যাটসম্যান তাকিয়ে ছিল।”

লিস্কের বিশ্বাস, ওমান ম্যাচের ওই দুই ‘ডেড বল’ ওয়াটকে ভড়কে দেবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজের সবচেয়ে কার্যকর ডেলিভারিটি করবেন তার সতীর্থ। 

“সে আবার এটা (২৪ গজ থেকে বোলিং) করবে। আমি নিশ্চয়তা দিতে পারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সে একের বেশি ডেলিভারি এভাবে করবে। এটা অনেকটা ব্যাটসম্যানকে বিস্মিত করার মতো বোলিং...নিজের লেংথ ধরে রাখতে সে কতটা পারদর্শী, সেটাও ফুটে ওঠে এখানে। এরপরও তার বল ঘুরছে, বিষয়টি কেবল সামান্য দৈর্ঘ্যের পার্থক্য। এমন বোলিংয়ের মুখোমুখি হওয়া ভয়ঙ্কর, এমনকি নেটে আমাদের জন্যও। আপনি জানেন যে একটু পরেই এমন একটা ডেলিভারি আসছে।”