টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে এমসিজিতে বিশেষ ম্যাচ
ইতিহাসের প্রথম টেস্ট ও শতবর্ষ পূর্তি টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, কাকতালীয়ভাবে দুটি টেস্টেই ঠিক ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণের এই মাইলফলক স্মরণীয় করে রাখতে বিশেষ একটি টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটি হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।
ইতিহাসের প্রথম টেস্টে ১৮৭৭ সালে এই মেলবোর্নেই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যদিও তখন ওই ম্যাচের পরিচয় টেস্ট ক্রিকেট ছিল না। জেমস লিলিহোয়াইটের ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ান একাদশের সঙ্গে। পরে ওখান থেকেই টেস্ট ক্রিকেটের সূচনা ধরা হয় আনুষ্ঠানিকভাবে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৪৫ রানে।
১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটে ১০০ বছর পূর্তিতেও এরকম বিশেষ এক ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভেন্যু ছিল যথারীতি এমসিজি। কাকতালীয়ভাবে, প্রথম টেস্টের মতো শতবর্ষী পূর্তি টেস্টেও ঠিক ৪৫ রানেই জিতেছিল অস্ট্রেলিয়া।
১৫০ বছর পূর্তি টেস্ট আয়োজনে আনুষ্ঠিনক ঘোষণা দেওয়া দিনে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত অস্ট্রেলিয়ান মৌসুমের আকর্ষণীয় টেস্ট গুলোর ভেন্যুও নিশ্চিত করা হয়েছে। ঐতিহ্যগতভাবে বক্সিং ডে টেস্ট আয়োজন করে আসছে এমসিজি, নিউ ইয়ার টেস্ট হয়ে আসছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। সামনে এই দুটি টেস্ট আয়োজনে অন্য রাজ্যগুলোর প্রবল দাবিও ছিল। তবে তাদের দাবি পাত্তা পায়নি। ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত এমসিজি ও এসসিজিই পাচ্ছে দায়িত্ব। পাশাপাশি এই সময়টায় ক্রিসমাসের আগের টেস্ট ম্যাচটি হবে অ্যাডিলেইড ওভালে।
আইসিসির বর্তমান সফরসূচি যদিও আছে ২০২৭ সালের শুরু পর্যন্ত। তবে পরের চার বছরে ইংল্যান্ড ও ভারতের মতো দলগুলি অস্ট্রেলিয়া সফরে যাবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়ান মৌসুমের প্রথম টেস্ট ম্যাচটি সাধারণত হয়ে থাকেন ব্রিজবেনের গ্যাবায়। তবে আগামী তিন মৌসুম প্রথম ম্যাচ হবে পার্থে অপ্টাস স্টেডিয়ামে। আগামী বছর অ্যাশেজের প্রথম টেস্ট হবে তাই এই মাঠেই।
ব্রিজবেনে ২০৩২ অলিম্পিকসের জন্য গ্যাবায় সংস্কার কাজ শুরু হবে সামনে। তাই আগামী দুই মৌসুমের পর গ্যাবায় টেস্ট আয়োজনের পরিকল্পনা রাখা হয়নি আপাতত। ৫০ বছরের মধ্যে প্রথমবার ২০২৬-২৭ মৌসুমে টেস্ট হবে না গ্যাবায়। পরের অনেকটা সময়ও এই মাঠে টেস্ট ম্যাচ দেখা যাবে না।
২০২৭ সালে ১৫০ বছর পূর্তি টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজকে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য। সিরিজটি তারা পরে সরিয়ে নেওয়ার কথাও ভেবেছিল। কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। তাই উপযুক্ত সময় ও ভেন্যু খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
