২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকিরকে প্রেরণা মানেন জাকের

জাকিরের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তিনিও।  

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 03:20 PM

Updated : 27 Jan 2023, 04:46 PM

দুজনই কিপার-ব্যাটসম্যান। একসঙ্গে খেলছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে। তবে সময়ের পরিক্রমায় দুজনের ক্যারিয়ারের পথ মোড় নিয়েছে দুই দিকে। সতীর্থ-সহকর্মী থেকে জাকের আলির জন্য জাকির হাসান হয়ে উঠেছেন প্রেরণা, কখনও কখনও পরামর্শকও। জাকিরের মতো তিনিও একদিন খেলতে চান দেশের হয়ে।

২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই দুজনই ছিলেন বাংলাদেশ দলে। জাকির তখন কিপার-ব্যাটসম্যান হিসেবে ছিলেন প্রথম পছন্দ। জাকের ছিলেন বিকল্প। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে অবশ্য সুযোগ পেয়ে ৩১ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস তিনি খেলেছিলেন।

যুব বিশ্বকাপের বছর দুয়েক পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যায় জাকিরের। জাকের তখনও ঘরোয়া ক্রিকেটে পায়ের নিচের জমিন শক্ত করার চেষ্টায়। জাকির অবশ্য এক ম্যাচ খেলার পরই বাদ পড়ে যান বাংলাদেশ দল থেকে। পরে নিজেকে আরও গুছিয়ে নিয়ে, খেলায় অনেক পরিবর্তন এনে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জায়গা পান বাংলাদেশ টেস্ট দলে। গত মাসে টেস্ট ক্রিকেটে অভিষেকেই উপহার দেন রেকর্ড গড়া দারুণ এক সেঞ্চুরি। পরের টেস্টেও করেন লড়িয়ে ফিফটি।

জাকেরের ঘরোয়া ক্রিকেটের দলগুলিতে নিয়মিত হতেই সময় লেগে যায় অনেকটা। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়েও উন্নতির ছাপ মিলছে স্পষ্ট। ৩৮ ম্যাচের অপেক্ষা শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন গত মাসে। পরের ম্যাচেই করেছেন আরেকটি সেঞ্চুরি। গত অগাস্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরও করে এসেছেন।

এখন তিনি বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দারুণ কিছু করতে না পারলেও খুব খারাপও করছেন না। দ্বিতীয় ম্যাচে দলের বিপদে নেমে খেলেন ৪৩ বলে ৫৭ রানের ইনিংস। এছাড়াও ১৩ বলে ১৯, ১০ বলে ২০ রানের ইনিংস খেলেছেন, ম্যাচের প্রেক্ষাপটে যা কার্যকর।

সিলেটে শুক্রবার কুমিল্লার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, জাকিরই এখন তার সামনে এগিয়ে চলার প্রেরণা।

“জাকিরকে আমি অনেক বড় অনুপ্রেরণা হিসেবে মানি। কারণ ও সবসময় নিজেকে পুশ করে ভালো খেলার জন্য। এমনকি আমিও অনেক পরামর্শ নেই ওর কাছ থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। অনেক কিছুতে ও সহায়তা করে। ভালো ভালো পরামর্শ দেয়। আমার ইচ্ছা আছে, যদি সামনে নিজেকে প্রমাণ করতে পারি, যদি সুযোগ হয় (জাতীয় দলে)…।”

প্রমাণ করার পথে ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টকেই গুরুত্বপূর্ণ মনে করেন জাকের। যদিও নানা বাস্তবতার কারণে বিপিএলে পারফর্ম করতে পারলে প্রচারটা বেশি হয়, নজর বেশি কাড়া যায়। তবে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার নিজেকে মেলে ধরতে চান সব আসরেই।

“আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য সবকিছুই চ্যালেঞ্জ, এনসিএল (জাতীয় লিগ) চ্যালেঞ্জ, বিপিএলও চ্যালেঞ্জ। আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবেই নেই। এই পারফরম্যান্সগুলো অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবে। এখানে পারফর্ম করলেই আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।”