২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বোলারদের দুষলেন বাবর

১৫৯ রানের পুঁজি বোলারদের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বোলারদের দুষলেন বাবর
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশার হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। ছবি: পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 09:15 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

শেষ বলে প্রয়োজন ৫ রান। হারিস রউফের ফুল টস ডেলিভারি মিড অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন নিতিশ কুমার। পিচের পাশেই পড়ে রইলেন হারিস রউফ। তার দিকে অগ্নিদৃষ্টিতে একটানা কিছু বলতে থাকলেন বাবর আজম। পরে সুপার ওভারে যুক্তরাষ্ট্রকে থামাতে পারলেন না মোহাম্মদ আমির। ম্যাচ হেরে বোলারদেরই পুরো দায় দিলেন বাবর।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্মরণীয় এক জয় পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে মূল ম্যাচ টাই করার পর সুপার ওভারে তারা ফল আনে নিজেদের পক্ষে। আগে ব্যাট করে ১৫৯ রানে থামে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় মাত্র ৩ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানই করে স্বাগতিকরা। 

ফল নির্ধারণের জন্য সুপার ওভারে আমিরের বলে একটির বেশি বাউন্ডারি মারতে পারেননি অ্যারন জোন্স, হারমিত সিংরা। কিন্তু এলোমেলো বোলিংয়ে ১৮ রান করে ফেলে তারা। সেটি তাড়ায় ১৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। 

ম্যাচের শুরুতে টপ-অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে কেবল ৩০ রান করতে পারে তারা। এরপর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। তার সঙ্গে ৪৮ বলে ৭৮ রানের জুটি গড়া বাবর করেন ৪৩ বলে ৪৪ রান। 

শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ২৩ রানের সৌজন্যে দেড়শ পার করে তারা। বাবরের মতে, এই পুঁজি নিয়ে মূল ম্যাচেই তাদের জয় পাওয়া উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে তাই বোলারদেরই দুষলেন পাকিস্তান অধিনায়ক।

“দিনের প্রথম ৬ ওভারে উইকেট থেকে সাহায্য পেয়েছে বোলাররা। এরপর আমার মনে হয়নি এটি ভিন্ন উইকেট। কিছুটা ভালো হয়েছে। ম্যাচগুলো সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ায় ফাস্ট বোলাররা অবশ্য কিছুটা সাহায্য পাবে। সকালের দিকে পিচে কিছুটা আর্দ্রতা ছিল। তারা এটি কাজে লাগিয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে।”

“এমনকি দ্বিতীয় ইনিংসে আমার মনে হয়েছে যে, আমরাও সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দিক থেকে আমরা সঠিক মানে ছিলাম না। প্রথম দশ ওভারে আমাদের ঘাটতি ছিল। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু এর আগেই তারা মোমেন্টাম পেয়ে যায়। তবে আমাদের যে মানের বোলার আছে, এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিংয়ের জন্য এটি জেতার মতো স্কোর ছিল।”

পাকিস্তান অধিনায়ক মনে করেন, নিজেদের মানের ধারেকাছেও বোলিং করতে পারেননি হারিস, আমিররা। 

“আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে।”