ওমানকে ৪৭ রানে গুটিয়ে ১৯ বলেই জিতে গেল ইংল্যান্ড
বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।
২৪০ বলের ম্যাচ। খেলা শেষ ৯৯ বলেই! বোলারদের নৈপুণ্যে ওমানকে অল্পে গুটিয়ে বিশাল ব্যবধানে জয় তুলে নিল ইংল্যান্ড। বাঁচিয়ে রাখল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার আশা।
অ্যান্টিগায় বৃহস্পতিবার ইংল্যান্ডের জয় ৮ উইকেটে। ৪৮ রানের লক্ষ্য ৩.১ ওভারেই পেরিয়ে যায় জস বাটলারের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম একশর বেশি বল (১০১) বাকি রেখে জিতল কোনো দল। ২০১৪ আসরে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ৯০ বল বাকি রেখে জয় ছিল আগের রেকর্ড।
ইংলিশদের জয়ের নায়ক আদিল রাশিদ। এই লেগ স্পিনার ৪ ওভারে ১১ রানে নেন ৪ উইকেট। সমান ১২ রানে ৩টি করে শিকার ধরেন দুই পেসার জফ্রা আর্চার ও মার্ক উড।
আসরে প্রথম জয়ের পাশাপাশি নেট রানরেটও বাড়িয়ে নিল গতবারের চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সুপার এইটে উঠে গেছে অস্ট্রেলিয়া। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে স্কটল্যান্ড ও ইংল্যান্ড।
৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। নেট রানরেটে ইংলিশরা (৩.০৮১) এগিয়ে গেছে স্কটিশদের চেয়ে (২.১৬৪)।
শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় প্রথম তিন ম্যাচে হারা ওমান। দুই অঙ্কে যেতে পারেন কেবল তাদের একজন, সাতে নেমে ২৩ বলে ১১ রান করেন শোয়েব খান।
এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ও টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বনিম্ন ৪৭ রানে গুটিয়ে যায় তারা ১৩.২ ওভারে। ২০২২ সালে নেপালের বিপক্ষে ৭৮ ছিল দলটির আগের সর্বনিম্ন।
ছোট লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে আউট হয়ে যান ফিল সল্ট। তিনে নেমে পরের ওভারে বিদায় নেন উইল জ্যাকস।
তৃতীয় ওভারে বিলাল খানকে চারটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন বাটলার। পরের ওভারের শুরুতেই জনি বেয়ারস্টোর বাউন্ডারিতে সমাপ্তি ঘটে একপেশে ম্যাচের।
সংক্ষিপ্ত স্কোর:
ওমান: ১৩.২ ওভারে ৪৭ (প্রাতিক ৫, প্রজাপতি ৯, আকিব ৮, জিশান ১, খালিদ ১, আয়ান ১, শোয়েব ১১, মেহরান ০, ফায়াজ ২, কালিমউল্লাহ ৫, বিলাল ০*; টপলি ৩-০-১২-০, আর্চার ৩.২-১-১২-৩, উড ৩-০-১২-৩, রাশিদ ৪-০-১১-৪)
ইংল্যান্ড: ৩.১ ওভারে ৫০/২ (সল্ট ১২, বাটলার ২৪*, জ্যাকস ৫, বেয়ারস্টো ৮*; বিলাল ২-০-৩৬-১, কালিমউল্লাহ ১-০-১০-১, ফায়াজ ০.১-০-৪-০)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আদিল রাশিদ
