Published : 19 Feb 2026, 01:15 PM
আর স্রেফ একটিই ম্যাচ। এরপরই আফগানিস্তানের ক্রিকেটে শেষ হয়ে যাবে জোনাথান ট্রটের অধ্যায়। প্রধান কোচ আসলে দলটির কতটা জুড়ে ছিলেন তা, ফুটে উঠল অধিনায়ক রাশিদ খানের কথায়। আবেগ আর ভালোবাসার মিশেলে আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বললেন, দলের উন্নতির মূল কৃতিত্ব এই প্রধান কোচেরই।
সাড়ে তিন বছরের মতো সময় এমনিতে খুব লম্বা নয়। তবু যেন আফগান ক্রিকেটের সমার্থক হয়ে উঠেছিলেন ট্রট। তার কোচিংয়ে স্মরণীয় সব সাফল্য যে পেয়েছে আফগানরা! ডাগআউটে তার উপস্থিতি হয়ে উঠেছিল আফগান ক্রিকেটের একটি পরিচায়ক। সেই পথচলার সমাপ্তি হচ্ছে বৃহস্পতিবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে।
গত নভেম্বরেই আফগান বোর্ড জানিয়েছিল, এই টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শেষ হচ্ছে ট্রটের দায়িত্ব। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া আফগানিস্তান শেষ ম্যাচটি খেলবে চেন্নাইয়ে কানাডার বিপক্ষে।
ম্যাচের আগের দিন স্তুতির জোয়ারে ভাসিয়ে কোচকে অর্ঘ্য দিলেন অধিনায়ক রাশিদ।
“বিশ্বকাপের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ আছে আমাদের, এরপর আইপিএল। আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচটিই আমাদের সঙ্গে জোনাখান ট্রটের শেষ ম্যাচ। তার সঙ্গে অবিশ্বাস্য কিছু ম্যাচ ও সফর কেটেছে আমাদের। আফগানিস্তান ক্রিকেট এখন যেখানে আছে, তিনিই নিয়ে এসেছেন এখানে।”
“প্রত্যেকের সঙ্গে এতটা পরিশ্রম করেছেন তিনি! অবশ্যই আমরা সবাই তাকে প্রচণ্ড মিস করব। দলকে সঠিক পথে, ঠিক নিশানায় এগিয়ে নিতে তিনিই মূল ভূমিকা পালন করেছেন।”
২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের কোচের দায়িত্ব নিয়েছিলেন ট্রট। পরে দুই দফায় বাড়ানো হয় সাবেক ইংলিশ ব্যাটসম্যানের মেয়াদ। তার কোচিংয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চমক দেখিয়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় আফগানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা, যা শেষ হয়ে যায় গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে। পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলে তারা, দেশের ক্রিকেট ইতিহাসে যা সেরা সাফল্য। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজেও দারুণ কিছু সাফল্য ধরা দিয়েছে এই সময়ে।