২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে অল্পে থামলেও, জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে জিতল ভারত।

কম রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
চমৎকার বোলিংয়ে ভারতের জয়ের নায়ক জাসপ্রিত বুমরাহ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 01:43 AM

Updated : 26 Aug 2026, 09:45 AM

গ্যালারি দর্শকে টইটুম্বুর। বৃষ্টি বাগড়া দিলেও নেচে-গেয়ে তারা চারপাশ মাতিয়ে রাখলেন সারাক্ষণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াইয়েও ছড়াল উত্তাপ। অল্প পুঁজি নিয়েও জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল ভারত। 

নিউ ইয়র্কে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের জয় ৬ রানে।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রানের ভালো অবস্থানে থেকে ১১৯ রানে গুটিয়ে যায় ভারত।

জবাবে ১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭২। শেষ ৮ ওভারে ৮ উইকেট হাতে রেখে দরকার ছিল ৪৮ রান। তারপরও পারেনি তারা, ২০ ওভারে ৭ উইকেটে করে ১১৩ রান।

ভারতের জয়ের নায়ক বুমরাহ। ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন ৩০ বছর বয়সী এই পেসার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।

এই সংস্করণে এত কম পুঁজি নিয়ে আগে কখনও জিততে পারেনি ভারত। এর আগে সবচেয়ে কম ১৩৮ রান ডিফেন্ড করেছিল তারা জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৬ সালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এই ম্যাচের চেয়ে কম রান ডিফেন্ড করতে পারেনি আর কেউ। ২০১৪ আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কাও ঠিক ১১৯ রান ডিফেন্ড করেছিল নিউ জিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দিয়ে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্ব মঞ্চে মোট ১৬ বার পাকিস্তানের মুখোমুখি হয়ে ১৪ ম্যাচেই জিতল ভারত। পাকিস্তানের জয় স্রেফ একটি, টাই হয় অন্যটি। টাই হওয়া ওই ম্যাচেও শেষ পর্যন্ত জিতেছিল ভারতই।

চলতি আসরে প্রথম দুই ম্যাচেই হেরে সুপার এইটে ওঠার পথ ভীষণ কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইকেটে পেসারদের জন্য ছিল সহায়তা। তবে এই মাঠে প্রথম দুই ম্যাচের মতো অতটা ব্যাটিং দুরূহ ছিল না মোটেও। 

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ২১ রান করে পাকিস্তান। এর মাঝে দুই ওপেনারই অবশ্য জীবন পান একবার করে। পরের ওভারে অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ।

মোহাম্মদ রিজওয়ান ও উসমান খান এগিয়ে নেন দলকে। ১০ ওভারে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ৫৭।

পরের ওভারে আক্রমণে এসেই উসমানকে বিদায় করে দেন বাঁহাতি স্পিনার আকসার। ফাখার জামান একটি করে চার ও ছক্কায় শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তার দারুণ ক্যাচ নেন কিপার রিশাভ পান্ত।

দ্বিতীয় স্পেলে ফিরে পঞ্চদশ ওভারের প্রথম বলেই রিজওয়ানকে (৪৪ বলে ৩১) বোল্ড করে দেন বুমরাহ। ম্যাচের মোড় ঘুরে যায় সেখানেই। শাদাব খান পারেননি টিকতে।

শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে মাত্র ৩ রান দিয়ে শেষ বলে ইফতিখার আহমেদকে ফিরিয়ে দেন বুমরাহ। 

শেষ ওভারে ১৮ রানের সমীকরণে আর্শদিপ সিংয়ের প্রথম বলে আউট হয়ে যান ইমাদ ওয়াসিম। ৩ বলে দরকার যখন ১৬, একটি চার মেরে নাটকীয় কিছুর ইঙ্গিত দেন নাসিম শাহ। পরের বলে আরেকটি চার মারেন তিনি। শেষ বলে অবশ্য এক রানের বেশি নিতে পারেননি।  

এর আগে বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ম্যাচের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে দারুণ শটে ছক্কা মারেন রোহিত শার্মা। প্রথম ওভারে ভারত ৮ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আবার খেলা শুরু হলে পরপর দুই ওভারে বিদায় নেন ভিরাট কোহলি ও রোহিত। 

জোড়া ধাক্কা সামলে দলের স্কোর পঞ্চাশ পার করেন রিশাভ ও আকসার। দ্বিতীয় স্পেলে ফিরে আকসারকে (১৮ বলে ২০) বোল্ড করে দেন নাসিম।

দুবার জীবন পাওয়া পান্ত দশম ওভারে টানা তিনটি চার মারেন হারিস রউফকে। পরের ওভারে তিনি আরেকটি বাউন্ডারি মারেন ওয়াসিমকে। তার পরের ওভার থেকেই পথ হারানোর শুরু ভারতের।

৮৯ থেকে ৯৬, ৭ রানের মধ্যে বিদায় নেন সুরিয়াকুমার ইয়াদাভ, শিভাম দুবে, পান্ত ও রবীন্দ্র জাদেজা। সেখান থেকে ব্যাটিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। নিয়মিত উইকেট হারিয়ে এক ওভার আগেই অল আউট হয়ে যায় তারা।

পান্তের ৩১ বলে ৪২ শেষ পর্যন্ত হয়ে থাকে ম্যাচের সর্বোচ্চ ইনিংস।

নাসিম-রউফদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে থাকলেও, ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরেকটি হার সঙ্গী হলো পাকিস্তানের।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ১৯ ওভারে ১১৯ (রোহিত ১৩, কোহলি ৪, পান্ত ৪২, আকসার ২০, সুরিয়াকুমার ৭, দুবে ৩, জাদেজা ০, আর্শদিপ ৯, বুমরাহ ০, সিরাজ ৭*; আফ্রিদি ৪-০-২৯-১, নাসিম ৪-০-২১-৩, আমির ৪-০-২৩-২, ইফতিখার ১-০-৭-০, ইমাদ ৩-০-১৭-০, রউফ ৩-০-২১-৩)

পাকিস্তান: ২০ ওভারে ১১৩/৭ (রিজওয়ান ৩১, বাবর ১৩, উসমান ১৩, ফাখার ১৩, ইমাদ ১৫, শাদাব ৪, ইফতিখার ৫, আফ্রিদি ০*, নাসিম ১০*; আর্শদিপ ৪-০-৩১-১, সিরাজ ৪-০-১৯-০, বুমরাহ ৪-০-১৪-৩, পান্ডিয়া ৪-০-২৪-২, জাদেজা ২-০-১০-০, আকসার ২-০-১১-১)

ফল: ভারত ৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ