২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী বিশ্বকাপ আয়োজন এখন রাষ্ট্রীয় ব্যাপার’

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার প্রয়োজন বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:11 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ক্ষমতার পালাবদলে তৈরি হওয়া অস্থিরতার কারণে দেশের মাটিতে আগামী অক্টোবরে নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইঙ্গিত দিলেন শঙ্কার মেঘ কেটে যাওয়ার।

ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার ১০ দিন পর ক্রীড়াঙ্গণ নিয়ে আগামী দিনের পরিকল্পনা দিলেন আসিফ। দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গণের উন্নয়নে, সাফল্য অর্জনের প্রয়োজনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন তিনি; যে প্রতিষ্ঠানের স্লোগান ‘সেন্টার অব এক্সিলেন্স’।

আগামী ৩ অক্টোবর শুরু হওয়ার কথা মেয়েদের বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ, কিন্তু সরকারের বদল এবং নানা অস্থিরতায় বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সচিবালয়ে রোববার গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বললেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশে একটা সংকট কাল চলছে। আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সব কিছু বিবেচনায় এটা তো শুধু ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার (প্রধান উপদেষ্টা) আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে।”

উঠতি খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষেত্রে দেশের একমাত্র প্রতিষ্ঠান বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)। মূল বিকেএসপি সাভারে, এর বাইরে আঞ্চলিক কার্যক্রম চলে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, দিনাজপুর ও সিলেটে। অবশ্য আঞ্চলিক শাখাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। ক্রীড়া উপদেষ্টা আরও বড় পরিসরে বিশেষায়িত প্রতিষ্ঠান নির্মাণের কথা বলেছেন।

“জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের হাই-পারফরম্যান্স, ক্রীড়ায় সামগ্রিক লক্ষ্য অর্জন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুণের মান উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব এক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট। যেটি বাংলাদেশে এই প্রথম।”

“বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ও উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে।”

ক্রিকেটে প্রশিক্ষণ ও অনুশীলনের সুবিধা আন্তর্জাতিক মানের। ফুটবলাররা এই সুবিধা পান কিঞ্চিৎ, বাকি অ্যাথলেটদের তা নেই বললেই চলে। উন্নত প্রশিক্ষণ, অনুশীলন সুবিধার জন্য প্রায়ই তাদের কণ্ঠে শোনা যায় হতাশা, আক্ষেপ। 

বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে অ্যাথলেটদের জন্য সবকিছুই থাকবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। এই ইনস্টিটিউটে স্পোর্টস বায়োমেকানিক ইউনিট, স্পোর্টস সাইকোলোজিক্যাল ইউনিট, পারফরম্যান্স নিউট্রিশন ইউনিট, স্পোর্টস লিডারশিপ ইউনিটসহ স্পোর্টস ইনোভেশন ইউনিট। হাই ইন্টেনসিটিভ গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স ও টিম পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস পারফরম্যান্স ডাটা ইউনিট, স্পোর্টস মেডিসিন ইউনিট, হাই পারফরম্যান্স কেয়ার ইউনিট থেকে শুরু করে ফিজিক্যাল কন্ডিশনাল ইউনিট, স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিটও থাকবে বলে জানান তিনি।

“ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও চীনসহ উন্নত রাষ্ট্র স্পোর্টস ও সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য তারা অর্জন করেছে, তা দেশের মাটিতেও নিশ্চিত করাই হবে আমাদের এই ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য।”