২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: শেষে তালগোল পাকিয়ে হারল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্ত দল।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 08:11 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

৪ রানের হার

কেশভ মহারাজের করা শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারল না বাংলাদেশ। তিনটি ফুলটস দেওয়া বাঁহাতি স্পিনারের বলে ২ উইকেট হারিয়ে করতে পারল কেবল ৬ রান।

প্রথম ২ বলে আসে চার রান। তৃতীয় বলে বেরিয়ে এসে ছক্কার চেষ্টা করেছিলেন জাকের আলি। পারেন দলে ফেরা এই মিডল অর্ডার ব্যাটসম্যান। লংঅনে সহজ ক্যাচ নেন এইডেন মারক্রাম। 

পরের বলে রিভিউ নিয়ে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। ইম্প্যক্ট বাইরে ছিল বলে বেঁচে যান রিশাদ হোসেন। 

ওভারের পঞ্চম বলে আউট হন মাহমুদউল্লাহ। মহারাজের নিচু ফুলটসে ছক্কার চেষ্টায় লংঅনে মারক্রামের হাতে ধরা পড়েন তিনি। ওভারের শেষ বলে সুযোগ ছিল তাসকিন আহমেদের সামনে। কিন্তু ফুলটস বলে ১ রানের বেশি নিতে পারেননি তিনি।  

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৩/৬ (ডি কক ১৮, হেনড্রিকস ০, মারক্রাম ৪, স্টাবস ০, ক্লসেন ৪৬, মিলার ২৯, ইয়ানসেন ৫*, মহারাজ ৪*; তানজিম ৪-০-১৮-৩, তাসকিন ৪-০-১৯-২, মুস্তাফিজুর ৪-০-১৮-০, রিশাদ ৪-০-৩২-১, সাকিব ১-০-৬-০, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৭ (তানজিদ ৯, শান্ত ১৪, লিটন ৯, সাকিব ৩, হৃদয় ৩৭, মাহমুদউল্লাহ ২০, জাকের ৮, রিশাদ ০*, তাসকিন ১*; ইয়ানসেন ৪-০-১৭-০, রাবাদা ৪-০-১৯-২, বার্টমান ৪-০-২৭-০, মহারাজ ৪-০-২৭-৩, নরকিয়া ৪-০-১৭-২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী

আম্পায়ার্স কলে ফিরলেন হৃদয়

আগের ওভারে বেঁচে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু এবার একটুর জন্য আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। 

কাগিসো রাবাদার বল ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। বোলার খুব একটা জোরাল আবেদন না করলেও এলবিডব্লিউ দেন আম্পায়ার! মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলে রিভিউ নেন হৃদয়। বল স্রেফ ছুঁয়ে যেত লেগ স্টাম্প! আম্পায়ার্স কলে ফিরে যান ব্যাটসম্যান। ভাঙে ৪৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি। 

নতুন ব্যাটসম্যান জাকের আলি টানা তিনটি বল ডট খেলার পর নেন সিঙ্গেল। সমীকরণ হয়ে যায় কঠিন। 

৩৪ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৭ রান করেন হৃদয়।

১৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৬। জয়ের জন্য শেষ ২ ওভারে চাই ১৮ রান।

রিভিউ নিয়ে বাঁচলেন মাহমুদউল্লাহ

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন মাহমুদউল্লাহ। তবে একটা মাশুলও দিতে হলো। কম রানের ম্যাচে কাটা গেল একটি বাউন্ডারি। 

ওটনিয়েল বার্টমানের বলে ফ্লিক করতে চেয়ে পারেননি মাহমুদউল্লাহ। প্যাডে লেগে বল পেরিয়ে যায় বাউন্ডারি। কিন্তু ততক্ষণে এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে ফেলেছেন আম্পায়ার! তাওহিদ হৃদয়ের সঙ্গে কথা বলে রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে পাল্টায় সিদ্ধান্ত। 

সে সময় ১৫ রানে ছিলেন মাহমুদউল্লাহ। 

১৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৪। জয়ের জন্য শেষ ৩ ওভারে তাদের চাই ২০ রান।

ক্যাচ দিয়েও বেঁচে গেলেন মাহমুহদউল্লাহ

টানা তিন ওভারে উইকেট পেতে পারতেন আনরিখ নরকিয়া। পেলেন না একটুর জন্য। তার গতিময় ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়েও উল্টো বাউন্ডারি পেয়ে গেলেন মাহমুদউল্লাহ। সে সময় ৬ রানে ছিলেন তিনি।

অফ স্টাম্পের শর্ট লেংথের ডেলিভারিতে ব্যাট পেতে দিয়ে স্লিপ ও কিপারের মাঝ দিয়ে খেলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। বল বেশ দ্রুত চলে যায় মার্কো ইয়ানসেনের মাথার উপর দিয়ে। হাত বাড়িয়েও নাগালে পাননি তিনি। বল চলে যায় বাউন্ডারি পেরিয়ে। 

১২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৪। ১০ বলে ১১ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ১৪ বলে তাওহিদ হৃদয়ের রান ১৫।

সাকিবের পর শান্তকে ফেরালেন নরকিয়া

আনরিখ নরকিয়ার গতিময় শর্ট বল ভোগাচ্ছে বাংলাদেশকে। সাকিব আল হাসানের পর শর্ট বলে নাজমুল হোসেন শান্ত উইকেট হারিয়েছে তারা। 

শরীরের বেশ কাছের গতিময় ডেলিভারি স্কয়ার লেগের দিকে খেলতে চেয়েছিলেন শান্ত। কিন্তু টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ নেন এইডেন মারক্রাম। 

২৩ বলে এক ছক্কায় ১৪ রান করেন শান্ত।

১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫০। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মাহমুদউল্লাহ। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি এটাই।

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬৪ রান চাই বাংলাদেশের। 

দ্রুত ফিরলেন সাকিব

হুক করে ছক্কার চেষ্টায় সফল হলেন না সাকিব আল হাসান। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। 

আনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে হুক করেছিলেন সাকিব। টাইমিং করতে পারেননি একেবারেই। সহজ ক্যাচ নেন এইডেন মারক্রাম। 

৪ বলে ৩ রান করেন সাকিব। 

৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪০। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।

টিকলেন না লিটন

স্পিন আক্রমণে আসতেই হাত খুলতে চেয়েছিলেন লিটন দাস। কেশভ মহারাজের বলে সরে গিয়ে ইনসাইড আউটে বাউন্ডারির চেষ্টায় ছিলেন এই কিপার-ব্যাটসম্যান। কিন্তু সফল হননি, এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নেন এইডেন মারক্রাম। 

লিটনের বিদায়ে ভাঙল ২৫ বল স্থায়ী ২৪ রানের জুটি। এক চারে ১৩ বলে ৯ রান করলেন ডানহাতি এই স্টাইলিশ ব্যাটসম্যান।

ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী সাকিব আল হাসান। 

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৫।

পাওয়ার প্লেতে সাবধানী ব্যাটিং

দুই চার মেরে তানজিদ হাসানের বিদায়ের পর সাবধানী ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ। কোনো ঝুঁকি নিচ্ছেন না লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ২৯ রান করেছে বাংলাদেশ। ১২ বলে এক চারে ৯ রানে খেলছেন লিটন। এক ছক্কায় ১৫ বলে ১০ রান করেছেন অধিনায়ক শান্ত। তাদের জুটিতে ২৪ বলে এসেছে ২০ রান।

জয়ের জন্য শেষ ১৪ ওভারে ৮৫ রান চাই বাংলাদেশের। হাতে আছে ৯ উইকেট।

শুরুতেই ফিরলেন তানজিদ

কাগিসো রাবাদার প্রথম দুই বলে দুটি চারে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু টিকতে পারলেন না। ওভারের শেষ বলে তাকে কট বিহাইন্ড করলেন রাবাদা। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেট খোয়ালেন ৯ বলে ৯ রান করা তানজিদ।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান।

দেড় বছর পর ওপেনিংয়ে শান্ত

সৌম্য সরকারকে বাদ দেওয়ার পর তার জায়গায় ওপেনিংয়ে নামলেন নাজমুল হোসেন শান্ত। প্রায় দেড় বছর ও ২৪ ইনিংস পর ইনিংস সূচনা করলেন বাঁহাতি ব্যাটসম্যান। সবশেষ ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওপেন করেছিলেন তিনি।

১১৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। পুরো ২০ ওভার খেলেও ৬ উইকেটে মাত্র ১১৩ রান করতে পারল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো ২০ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রানের ঘটনা এটি।  

বৈশ্বিক এই টুর্নামেন্টে এত কম রান করে জেতার রেকর্ড নেই কোনো। তাই বাংলাদেশকে হারাতে হলে নতুন ইতিহাসই গড়তে হবে প্রোটিয়াদের। 

একই মাঠে আগের দুই ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ৭৭ ও ১০৩ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। তাই বাংলাদেশের রান তাড়াও চ্যালেঞ্জটাও তেমন সহজ হবে না

টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাঁচ ওভারের মধ্যে প্রথম ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে একশ পার করান হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি। ক্লসেন ৪৪ বলে ৪৬ ও মিলার করেন ৩৮ বলে ২৯ রান। 

বাংলাদেশের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান। তাসকিন আহমেদ ধরেন ১৯ রানে ২ শিকার। 

মাত্র ১ ওভার বোলিং করেন সাকিব আল হাসান। প্রায় ১৭ বছর ও ১২৪ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনো ম্যাচে এত কম বোলিং করলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৩/৬ (ডি কক ১৮, হেনড্রিকস ০, মারক্রাম ৪, স্টাবস ০, ক্লসেন ৪৬, মিলার ২৯, ইয়ানসেন ৫*, মহারাজ ৪*; তানজিম ৪-০-১৮-৩, তাসকিন ৪-০-১৯-২, মুস্তাফিজুর ৪-০-১৮-০, রিশাদ ৪-০-৩২-১, সাকিব ১-০-৬-০, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০)

মিলারকে ফেরালেন রিশাদ

নিজের শেষ ওভারে উইকেটের দেখা পেলেন আগের ম্যাচের নায়ক রিশাদ হোসেন। টপ স্পিন ধরনের ডেলিভারিতে বড় শটের খোঁজে বোল্ড হয়ে ফিরলেন ডেভিড মিলার। 

১টি করে চার-ছক্কায় ৩৮ বলে ২৯ রান করেন মিলার। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেশভ মহারাজ।

১৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১০৯ রান।

জুটি ভাঙলেন তাসকিন

দক্ষিণ আফ্রিকার একশ পূর্ণ হওয়ার পর পঞ্চম উইকেট জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন হাইনরিখ ক্লসেন।

২ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪৬ রান করেন ক্লসেন। তার বিদায়ে ভাঙে ডেভিড মিলারের সঙ্গে তার ৭৯ রানের পঞ্চম উইকেট জুটি। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকার এটিই সর্বোচ্চ জুটি। 

১৭.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ১০২ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্কো ইয়ানসেন। ৩৬ বলে ২৮ রানে খেলছেন মিলার।

ক্লসেন-মিলারের জুটির পঞ্চাশ

শুরুতেই দ্রুত ৪ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেছেন হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। দুজন মিলে এরই মধ্যে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৫৬ বলে। 

একাদশ ওভারে অবশ্য ভাঙতে পারত জুটি। মাহমুদউল্লাহর বলে মিলারের ক্যাচ নিতে পারেননি লিটন কুমার দাস। ১৩ রানে জীবন পেয়ে ছুটছেন মিলার।

১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান। মিলার ২৭ বলে ২৪ ও ক্লসেন ৩২ বলে ৩২ রানে অপরাজিত।

মিলারকে জীবন দিলেন লিটন

একাদশ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সুযোগ তৈরি করলেন মাহমুদউল্লাহ। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ নিতে পারলেন না লিটন কুমার দাস।

মাহমুদউল্লাহর টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারি ডেভিড মিলারের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। গ্লাভস কাছেও নিতে পারেননি লিটন। তার পায়ে লাগে বল। ১৫ বলে ১৩ রানে বেঁচে যান মিলার। 

১১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৬১ রান। মিলার ১৮ বলে ১৪ ও হাইনরিখ ক্লসেন ২৩ বলে ২৪ রানে অপরাজিত। এই জুটির সংগ্রহ ৩৬ রান।

পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৫ 

টস হেরে বোলিং পাওয়ার পর নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তিনি আগে বোলিংই নিতেন। বোলাররা বুঝিয়ে দিয়েছেন অধিনায়কের এমন মন্তব্যের কারণ। 

প্রথম ৬ ওভারে মাত্র ২৫ রান করতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। চাপ সামাল দেওয়ার অভিযানে খোলসে ঢুকে পড়েছেন ডেভিড মিলার ও হাইনরিখ ক্লসেন।

টানা ৩ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান। অন্য উইকেট তাসকিন আহমেদের।

তানজিমের তৃতীয় শিকার স্টাবস

নিউ ইয়র্কে রীতিমতো উড়ছে বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যে তারা ফিরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানকে। সবশেষ ড্রেসিং রুমের পথ ধরেছেন ট্রিস্টান স্টাবস। 

তানজিম সাকিবের অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ ডেলিভারি অফ সাইডে খেলার চেষ্টায় ঠিকঠাক মারতে পারেননি স্টাবস। শর্ট কভারে নিচু হয়ে দারুণ ক্যাচ নেন সাকিব আল হাসান। খালি হাতেই ফেরেন স্টাবস।

৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার।

এবার তাসকিনের শিকার মারক্রাম

চার ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার গুঁড়িয়ে দিল বাংলাদেশ। তানজিম হাসানের দুই উইকেটের পর এবার তিন নম্বরে নামা এইডেন মারক্রামকে ফেরালেন তাসকিন আহমেদ। 

অফ স্টাম্পের বাইরে পিচ করা লেংথ ডেলিভারি এঙ্গেলের সঙ্গে ভেতরে ঢোকার মুখে ভুল লাইনে ব্যাট চালান মারক্রাম। বল আঘাত করে স্টাম্পে। আউট হওয়ার পর বিস্ময়ভরা চোখে পিচের দিকে তাকিয়ে থাকেন মারক্রাম।

৮ বলে ৪ রান করে ফেরেন মারক্রাম। পাঁচ নম্বর ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। 

৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান।

ডি কককেও ফেরালেন তানজিম

পরপর দুই ওভারে দুই ওপেনারকে ফেরালেন তানজিম হাসান। রাউন্ড থেকে ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি কুইন্টন ডি কক।১১ বোল্ড হয়ে তিনি ধরলেন ড্রেসিং রুমের পথ। 

১ চার ও ২ ছক্কায় ১১ বলে ১৮ রান করে ফেরেন ডি কক। ক্রিজে নতুন ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস। 

৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৯ রান।

প্রথম ওভারেই তানজিমের আঘাত

কুইন্টন ডি ককের কাছে পরপর দুই বলে ছক্কা ও চার হজম করার পর ওভারের শেষটা দারুণ করলেন তানজিম হাসান। দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ করলেন আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে।

তানজিমের অফ স্টাম্পে পিচ করে ভেতরের দিকে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলেন হেনড্রিকস। বল তার পেছনের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। 

ডি ককের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই ফিরে যান হেনড্রিকস। ১ বলে কোনো রান করতে পারেননি তিনি। 

১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১১ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান এখন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম।

অপরিবর্তিত একাদশে দক্ষিণ আফ্রিকা

নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা ম্যাচে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আইনরিক নরকিয়া, ওটনিয়েল বার্টমান।

সৌম্যর জায়গায় জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জায়গায় একাদশে ফেরানো হয়েছে জাকের আলিকে।

ম্যাচের আগের দিন প্রায় পূর্ণ ছন্দে অনুশীলন করলেও এই ম্যাচেও নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম।

বাংলাদেশ অধিনায়ক শান্ত অবশ্য জানিয়েছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। তাই টসের সিদ্ধান্তে তার কোনো আপত্তি নেই।

বাংলাদেশের সামনে এবার প্রোটিয়া-বাধা

শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরুর পর এবার দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রাত সাড়ে ৮টায় শুরু খেলা।

নিউ ইয়র্কের মাঠে এরই মধ্যে দুই ম্যাচ খেলে দুটিই জিতেছে প্রোটিয়ারা। দুই ম্যাচের একটিতেও রান হয়নি তেমন। দক্ষিণ আফ্রিকার পেসের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। 

বাংলাদেশের সামনেও চ্যালেঞ্জটা অভিন্ন। আনরিক নরকিয়া, ওটনিয়েল বার্টমানদের তোপ সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েই নামতে হবে তাদের। তবে নিউ ইয়র্কের বোলিংবান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ দেখেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।

সামগ্রিক পরিসংখ্যানে অবশ্য আশার কিছু নেই। দুই দলের মুখোমুখি ৮ ম্যাচে সবকটিতেই জয়ী দক্ষিণ আফ্রিকা। এর তিনটি বিশ্বকাপে।