২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড-আর্চারকে নিয়ে টি-টোয়েন্টিতে দুর্ভাবনার কিছু দেখেন না ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ইংলিশ ফাস্ট বোলারের গতি কাজে লাগাতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগানো মার্ক উড ও জফ্রা আর্চারকে নিয়ে টি-টোয়েন্টিতে বেশি ভাবনার কিছু দেখেন না ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ এই ওপেনার মনে করিয়ে দিলেন, দুই সংস্করণের পার্থক্যের কথা। ২০ ওভারের বিশ্বকাপে বরং ইংলিশ দুই ফাস্ট বোলারের গতি কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হবে তারা। এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার, তাই এটিই হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ ম্যাচ। 

ওমানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি, প্রথম ম্যাচে জয়ের জন্য যে লড়তেই পারেনি তারা। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয় স্কটল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই। তাই অস্ট্রেলিয়া ম্যাচটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে লড়াইয়ে ইংলিশদের পথ দেখাতে পারেন দুই গতিময় পেসার উড ও আর্চার।

২০১৯ সালে অ্যাশেজ দিয়ে টেস্ট অভিষেকেই নিজের ছাপ রাখেন আর্চার। গতি ও বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তার ডেলিভারিতে হেলমেটে লেগে ‘কনকাশন’ হয়ে মাঠ ছাড়তে হয় স্টিভেন স্মিথকে। ওই বছর ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল ডানহাতি এই পেসারের।

এরপর আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হয়নি আর্চারের। দলটির বিপক্ষে সবশেষ ম্যাচই খেলেন তিনি ২০২০ সালে, ওয়ানডেতে।

আর গত বছরের অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ইংলিশরা। তৃতীয় টেস্টে দলে ফিরেই দুর্দান্ত বোলিংয়ে দলকে পথে ফেরান উড, মোট ৭ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। পরের দুটি ম্যাচে যথাক্রমে ৪ ও ৩ উইকেট নেন তিনি।

তাই এবারের টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার জন্য এই দুই পেসার বড় চ্যালেঞ্জ হতে পারেন বলে ধারণা অনেকের। তবে ওয়ার্নারের মতে, টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের পার্থক্য অনেক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের উইকেটেও পেসারদের জন্য নেই তেমন গতি। সব মিলিয়ে তাই আসছে ম্যাচে তাদের বিপক্ষে উড ও আর্চারের সফল হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি।

“আপনাকে কেবল তাদের (উড ও আর্চার) গতিকে কাজে লাগাতে হবে। টেস্ট ক্রিকেটে ভিন্নভাবে ফিল্ডিং সাজানো হয়, বলও থাকে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে, ব্যাটের কানায় লাগাতে পারলেও বল চলে যাবে। তাই দুই সংস্করণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।”

বারবাডোসের ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। এখানে খেলার অভিজ্ঞতা থেকে কন্ডিশন ও পিচ সম্পর্কে কিছুটা ধারণাও দিলেন ওয়ার্নার।

“আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই জায়গায় বল বাউন্স নয়, বরং নিচু হওয়ার আশা করতে পারেন, যদি না খুব বেশি শর্ট বল হয়।”