২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নেই বাটলার

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এরই মধ্যে দল ছেড়ে যাওয়া ইংলিশ অধিনায়ককে শেষ ম্যাচে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 08:52 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পাকিস্তান সিরিজের মাঝপথে দল ছেড়েছেন জস বাটলার।  তৃতীয় টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ককে পাবে না ইংল্যান্ড।  চতুর্থ ও শেষ ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

গত শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন বাটলার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ওই ম্যাচ খেলেই লন্ডনের উদ্দেশে রওনা দেন এই কিপার-ব্যাটসম্যান।

দুই দলের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। বার্মিংহ্যামে গত ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় ইংল্যান্ড। দলের ওই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বাটলার। ৫১ বলে ৮৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। 

খুব শিগগিরই তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাটলার। এই সময়ে স্ত্রী লুইস বাটলারের পাশে থাকার কথা নিশ্চিত করে বাটলার কদিন আগে বলেছিলেন, “আমার পরিবার সবার আগে।” প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মিস করতেও রাজি তিনি।

কার্ডিফে ইংল্যান্ড দলের সোমবারের অনুশীলন সেশনে ছিলেন না বাটলার। এদিন পরে বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট নিশ্চিত করে, পাকিস্তানের বিপক্ষে  তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না তিনি। ওভালে বৃহস্পতিবারের ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু অংশে বাটলারকে না পাওয়ার শঙ্কা আপাতত নেই। ধারণা করা হচ্ছে, আগামী শুক্রবার দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন তিনিও।

বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তার ডেপুটি মইন আলি। সম্প্রতি এই স্পিনিং অলরাউন্ডার বলেছেন, বিশ্বকাপেও দলের দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

আগামী শনিবার শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।