পাকিস্তানের বিপক্ষে জয় যুক্তরাষ্ট্রের জন্য ‘অনেক দুয়ার খুলে দেবে’
যুক্তরাষ্ট্রে ক্রিকেটের অগ্রযাত্রায় পাকিস্তানকে হারানো বড় ভূমিকা রাখবে মনে করেন দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
মাঠে পাকিস্তানের মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্র। কিন্তু গ্যালারিতে দাপট পাকিস্তান সমর্থকদের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামে বিচ্ছিন্নভাবে কিছু দর্শককে যুক্তরাষ্ট্রের হয়েও গলা ফাটাতে দেখা যায়। তবে প্রতিপক্ষের তুলনায় সেটি খুবই কম।
যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সামগ্রিক বাস্তবতাই এমন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলেও দেশটির মানুষের কাছে এখনও খুব একটা পরিচিত নয় খেলাটি। তবে বৈশ্বিক টুর্নামেন্টে পাওয়া সাফল্য সামনের দিনগুলোতে অনেক সম্ভাবনা বাড়াবে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের।
কানাডার বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে মোনাঙ্ক বলেছেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় তাদের জন্য অনেক দুয়ার খুলে দেবে।
“ম্যাচ জিতে আমি খুশি। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলা এবং তাদেরকে হারানো আমাদের দলের জন্য অবিশ্বাস্য পারফরম্যান্স। অবশ্যই আমি বলব যুক্তরাষ্ট্র দল ও ক্রিকেট সম্প্রদায়ের জন্য অনেক বড় দিন।”
“অবশ্যই বিশ্বকাপে পাকিস্তানকে হারানো আমাদের সামনে অনেক দুয়ার উন্মোচন করবে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা এবং এখানে দল হিসেবে পারফর্ম করা এই দেশে ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে।”
পরপর দুই জয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনই সেসব নিয়ে ভাবতে চাইছেন না দলটির অধিনায়ক।
“আমরা এক সময়ে একটি ম্যাচেই মনোযোগ দিতে চাই। এখন আমাদের পূর্ণ মনোযোগ ভারত ম্যাচের দিকে। আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও এখন ভাবছি না। সুপার এইট অনেক দূরের বিষয়।”
নিউ ইয়র্কে আগামী বুধবার ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।
