যুক্তরাষ্ট্র অধিনায়কের আক্ষেপ, ‘মূল ম্যাচেই জেতা উচিত ছিল’
সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারালেও নির্ধারিত ২০ ওভারে জয় না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের।
আন্দ্রিয়েস হাউসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬৮ রান যোগ করলেন মোনাঙ্ক প্যাটেল। লক্ষ্যমাত্রা নেমে এলো ৪৫ বলে ৫৬ রানে। সহজ মনে হলেও করতে পারল না যুক্তরাষ্ট্র। তবে হারেওনি তারা। শেষ ওভারে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ টাই করার পর পাকিস্তানের বিপক্ষে জেতে সুপার ওভার।
সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য বড় এক অর্জনের আনন্দে ভাসছেন মোনাঙ্ক। তবে সুপার ওভারের আগে মূল ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ ঠিকই রয়ে গেছে স্বাগতিক অধিনায়কের।
ডালাসের প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৬০ রানের লক্ষ্যে ১৩ ওভারে একশ পেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরের ওভারে ২৬ বলে ৩৫ রান করা হাউসের বিদায়ে ভাঙে মোনাঙ্কের সঙ্গে ৬৮ রানের জুটি। পরে ৩৮ বলে ৫০ করা মোনাঙ্ককে ফেরান মোহাম্মদ আমির।
তখন জয় থেকে ৪৯ রান দূরে যুক্তরাষ্ট্র। বল বাকি ৩৫টি। নিতিশ কুমার ও অ্যারন জোন্স মিলে করতে পারেন ৪৮ রান। পরে সুপার ওভার জিতলেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মূল ম্যাচে না জেতার আক্ষেপের কথা বলেন মোনাঙ্ক।
“আমি আউট হওয়ার পরেও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার মতে, আমাদের ম্যাচটা শেষ করা উচিত ছিল এবং কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। তবে আমরা যেভাবে স্নায়ুর চাপ সামলেছি, বিশেষ করে সুপার ওভারে ১৮ রান নেওয়া আমাদেরকে আরও এগিয়ে দিয়েছে।”
মূল ম্যাচের ব্যাটিংয়ে শেষ দিকের কয়েক ওভার ছাড়া পুরো ম্যাচে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে পাওয়ার প্লেতে তারা নেয় ৩টি উইকেট। পরে বাবর আজম, শাদাব খান জুটি গড়লেও পাকিস্তানের লক্ষ্য বেশি বড় হতে দেয়নি তারা।
প্রথম ইনিংস শেষে ১৬০ রানের লক্ষ্য দেখেই জয়ের সম্ভাবনা দেখতে থাকে স্বাগতিকরা।
“টস জিতলে আগে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম শুরুর দিকে আধঘণ্টা পেস বোলাররা সহায়তা পেতে পারে। এরপর আমরা যেভাবে তাদের আটকে রেখেছি এবং পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছি, তা আমাদের অনেক সাহায্য করেছি। আর হ্যাঁ এক দিকে ছোট বাউন্ডারির মাঠ ও এই উইকেটে ১৬০ রান দেখে সবসময়ই মনে হয়েছে যে আমাদের সবসময়ই সুযোগ আছে।”
মূল ম্যাচে সেই সুযোগ অবশ্য পুরোপুরি কাজে লাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে সুপার ওভারে মোহাম্মদ আমিরের বলে ১৮ রান করে অনেকটা এগিয়ে যায় তারা। পরে সৌরভ নেত্রাভালকারের দারুণ বোলিংয়ে ৫ রানে সুপার ওভার জিতে নেয় তারা।
এমনিতে ডেথ বোলার হিসেবে আলি খানকেই বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তবে সুপার ওভারে নেত্রাভালকারকে দেওয়ার পেছনে পরিকল্পনা জানান মোনাঙ্ক।
“(সুপার ওভারে) কন্ডিশন কাজে লাগানোর পরিকল্পনা ছিল আমাদের। বাঁহাতি পেসার ওভার দা উইকেট থেকে কাটার ও ওয়াইড ইয়র্কার করার কন্ডিশন ছিল। আলি খান সাধারণত স্টাম্পে করে। তবে আমরা তাদেরকে অফ স্টাম্পের বাইরে খেলাতে চেয়েছিলাম। বাঁহাতি পেসারের জন্য এঙ্গেলটা সাহায্য করেছে। এর আগেই সৌরভের ভালো একটি দিন গেছে। তাই আমার পূর্ণ সমর্থন ছিল।”
