২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজা করেছিল হেইজেলউড, সতীর্থ পেসারের আলোচিত মন্তব‍্য নিয়ে বলেন কামিন্স

প্রথম পর্ব থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করতে ছাড় দিয়ে খেলার কথা কখনও চিন্তাও করবে না অস্ট্রেলিয়া, বললেন প্যাট কামিন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 12:07 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

জশ হেইজেলউডের মজার ছলে করা এক মন্তব্যের জেরে আলোচনা শুরু হয়ে গেছে, সত্যিই স্কটল্যান্ডের বিপক্ষে ছাড় দিয়ে খেলবে অস্ট্রেলিয়া? প্যাট কামিন্স স্পষ্ট করে বলে দিলেন, ইংল্যান্ড বা অন্য কোনো দলকে বিদায় করার জন্য এমন কিছু ভাবনায়ও আনবেন না তারা। অভিজ্ঞ পেসারের মতে, এমন কিছু করা অবশ্যই ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বিদায় নিশ্চিত হয়েছে ওমান ও নামিবিয়া। সেরা আটের অন্য টিকেটের জন্য এখন লড়াই ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে। 

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে স্কটিশরা। সমান ম্যাচে ইংল্যান্ডের ঝুলিতে ৩ পয়েন্ট। তবে ওমানকে মাত্র ১৯ বলে হারানোর পর নেট রান রেটে স্কটল্যান্ডের (+২.১৬৪) চেয়ে এগিয়ে ইংলিশরা (+৩.০৮১)।

গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। এর আগেই নামিবিয়ার বিপক্ষে খেলে ফেলবে ইংল্যান্ড। ওই ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের পরাজয়ই যথেষ্ট হবে ইংল্যান্ডের সুপার এইটের টিকেটের জন্য। 

তবে ওমানের বিপক্ষে ম্যাচের আগপর্যন্ত ইংল্যান্ডের জন্য ভিন্ন ছিল সমীকরণ। শুধু দুই জয় পেলেই হতো না তাদের। নেট রান রেটের হিসেবও মাথায় রাখতে হতো তাদের। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচে জয়-পরাজয়ের ব্যবধান নিয়েও ভাবতে হতো ইংলিশদের। 

তখন সংবাদ সম্মেলনে চির প্রতিদ্বন্দ্বীদের আটকে দিতে ‘স্কটল্যান্ডকে মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া ছাড় দেবে কিনা’- এই প্রশ্নে জশ হেইজেলউড একটু রহস্য রেখেই উত্তর দেন। সেটি নিয়েই শুরু হয় নানান আলোচনা।

তাই অনেকটা বাধ্য হয়েই যেন নিজেদের অবস্থান পরিষ্কার করতে হলো কামিন্সকে। সেন্ট লুসিয়ায় ইংল্যান্ড ও ওমান ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার বলেন, ছাড় দিয়ে খেলার কথা তাদের ভাবনায়ও আসেনি কখনও।

“আমার মতে, আপনি যখন খেলতে নামেন, প্রতিবারই সেরাটা দেওয়ার চেষ্টা করেন। যদি তা না করেন, তাহলে এটি সম্ভবত ক্রিকেটের চেতনারই পরিপন্থী। এই বিষয়ে কখনও গভীরভাবে চিন্তা করিনি কারণ এই অবস্থা কখনও সামনে আসেনি।”

“জশির (হেইজেলউড) সঙ্গে আমার কথা হচ্ছিল। সেদিন তার মজার ছলে বলা একটি কথা ভিন্ন খাতে প্রবাহিত হয়ে গেছে। আমরা মাঠে নামব এবং এখন পর্যন্ত খুব ভালো টুর্নামেন্ট কাটানো স্কটল্যান্ডের বিপক্ষে জেতার চেষ্টা করব, তারা কঠিন প্রতিপক্ষ।” 

কামিন্স পরিষ্কারভাবেই জানিয়ে দেন, প্রতিপক্ষ যারাই হোক বা পরিস্থিতি যেমনই হোক, সব সময়ের মতো জয়ের মনোভাব নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।

“নেট রান রেটের বিষয়টা আপনি হয়তো ঠাট্টা হিসেবে আলোচনা করতে পারেন। তবে এটি আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনবে না। একদমই না। দলের অন্যান্যদের মতো আমিও কখনও আগ্রাসী মনোভাব ছাড়া ক্রিকেট মাঠে পা রাখিনি।”

আগামী রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এর আগের দিন নামিবিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।