বাংলাদেশে মাশরাফির তুলনীয় কাউকে দেখেন না আমির
‘মাশরাফির জন্য কেবল একটি শব্দই ব্যবহার করা যায়, সে কিংবদন্তি’, বলছেন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানি পেসার।
বাংলাদেশের ক্রিকেটে মোহাম্মদ আমিরের পদচারণা অনেক দিনের। বিপিএল খেললেন এবার নিয়ে চতুর্থবার। তবে অধিনায়ক ও সতীর্থ হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে পেলেন তিনি প্রথমবার। কাছ থেকে দেখার অভিজ্ঞতায় পাকিস্তানের এই বাঁহাতি পেসারের উপলব্ধি, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির উচ্চতায় আর কেউ নেই।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২০১৫ সালে বিপিএল দিয়েই মাঠে ফিরেছিলেন আমির। সেবার খেলেছিলেন তিনি চিটাগং ভাইকিংস দলে। এরপর ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটস, ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সে খেলে এবার তিনি খেলেন সিলেট স্ট্রাইকার্সে।
সিলেটের হয়ে প্রথম ১০ ম্যাচ খেলে তিনি পিএসএলের দলে যোগ দিতে ফিরে গিয়েছিলেন দেশে। পরে সিলেটের ডাকে আবার ফিরে আসেন এক ম্যাচের জন্য। বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে দলের জয়ে শিকার করেন একটি উইকেট। সব মিলিয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আপাতত তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৬.১৩। দলও পয়েন্ট তালিকার শীর্ষে। তার বিপিএল অভিযান তাই সফলই বলতে হবে।
এই অভিযানেই তার নেতা মাশরাফি। সিলেটের দেশি-বিদেশি ক্রিকেটারদের অনেকেই সিলেটের সাফল্যের পেছনে অধিনায়কের অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নানা সময়ে। খুলনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরও ছোট্ট কথায় বড় স্তুতি করলেন অধিনায়কের।
“তিনি কিংবদন্তি। একটি শব্দই বলা যায়, তিনি কিংবদন্তি। এখানে, বাংলাদেশে আমার মনে হয় মাশরাফির তুলনীয় কেউ নেই।”
সিলেট দলে সতীর্থদের মধ্যে আরও দুজনকে মনে ধরেছে আমিরের। ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও পেসার রেজাউর রহমান রাজার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।
“রাজা, হৃদয় খুবই ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওরা খুব ভালো হবে। তারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায়, আমার মনে হয় ওরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে। রাজা খুবই ভালো। সে বেশ গতিময় এবং দ্রুত শিখছে।”
৯ ইনিংসে ১৪৬.৫১ স্ট্রাইক রেটে ৩৭৮ রান করে এবারের বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার হৃদয়। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে আছেন রাজা।
খুলনার বিপক্ষে এই জয় দিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিলেট। ফাইনালে যেতে দুটি সুযোগ তারা পাচ্ছে। তবে তাদের বোলিং আক্রমণের ধার অনেকটা কমে যাচ্ছে আমির ও ইমাদ ওয়াসিমকে হারিয়ে। আগের ম্যাচেই এই দুজনকে ছাড়া খেলতে নেমে হেরে গেছে তারা।
তবে আমিরের বিশ্বাস, তাদেরকে ছাড়াও ভালো করবে সিলেট।
“সত্যি বলতে, আমরা অনেক কষ্ট করেছি পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছাতে। তবে খেলাটা ক্রিকেট। অন্যান্য দিকেও মানোযোগ দিতে হবে আমাদের। স্ট্রাইকার্সের প্রতি আমাদের সমর্থন রয়ে যাবে এবং আশা করি আমরা ফাইনাল জিতব।”
“আমাদের ব্যাক আপ আছে ভালো, বিকল্প ক্রিকেটার আছে ভালো কিছু। আশা করি তারা ভালো করবে।”
