প্লে অফে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ, রাজস্থানের সামনে বেঙ্গালুরু
রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
পাঞ্জাব কিংসকে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাদেরকে টপকে দুইয়ে উঠতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় দরকার ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু দুই দলের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। বৃষ্টির হানায় ভেসে গেল পুরো ম্যাচ।
গুয়াহাটিতে রোববার অনেকটা সময় অপেক্ষার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজস্থান ও কলকাতার ম্যাচ। এতে দল দুটি পেয়েছে একটি করে পয়েন্ট।
১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হায়দরাবাদকে। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে প্যাট কামিন্সের দল।
পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও লাভ হয়নি রাজস্থানের। সমান ১৭ পয়েন্ট পেলেও নেট রানরেটে হায়দরাবাদের থেকে পিছিয়ে থাকায় তিনেই থাকতে হচ্ছে তাদের। সাঞ্জু স্যামসনের দলের রান রেট +০.২৭৩ আর হায়দরাবাদের +০.৪১৪।
এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে রাজস্থান। জমজমাট ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শনিবার প্লে অফ নিশ্চিত করে ফাফ দু প্লেসির দল। প্রথম ৮ ম্যাচে স্রেফ একটি জেতা দলটি টানা ৬ ম্যাচ জিতে অবিশ্বাস্যভাবে জায়গা করে নেয় শীর্ষ চারে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।
যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা চেন্নাই (+০.৩৯২), দিল্লি ক্যাপিটালস (-০.৩৭৭) ও লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসও (-০.৬৬৭) পেয়েছে ১৪ করে পয়েন্ট। কিন্তু তাদের চেয়ে রান রেটে এগিয়ে থাকায় পরের ধাপে খেলার সুযোগ পেয়েছে বেঙ্গালুরু (+০.৪৫৯)।
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আসর শেষ করেছে তলানিতে থেকে। ১৪ ম্যাচে তারা জিততে পেরেছে কেবল চারটি। ১২ পয়েন্ট নিয়ে আটে গুজরাট টাইটান্স। নয়ে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১০।
আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। পরাজিত দলের জন্যও সুযোগ থাকবে আরেকটি। এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তারা।
রাজস্থান ও বেঙ্গালুরুর এলিমিনেটর ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার। দ্বিতীয় কোয়ালিফায়ার শুক্রবার। আসরের ফাইনাল ম্যাচটি হবে চেন্নাইয়ে, আগামী রোববার।
