ভারত সফরের আগে ‘ক্লান্ত-অবসন্ন’ ওয়ার্নার
ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যেতে চাইছেন না তারকা এই ওপেনার।
একের পর এক সিরিজের পর চলতি বিগ ব্যাশ লিগেও খেলেন ডেভিড ওয়ার্নার। কদিন পরই যেতে হবে ভারত সফরে। এর আগে কিছুটা বিশ্রাম নিতে চান অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। টানা খেলার মধ্যে থাকায় অবসাদ চেপে ধরেছে তাকে।
ওয়ার্নার জানালেন, ভীষণ ক্লান্ত তিনি। সম্ভব হলে আগামী সোমবারের ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যেতেন না তিনি।
ওয়ার্নারের ব্যস্ত গ্রীষ্ম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে শুক্রবার রাতে। বিগ ব্যাশে ব্রিজবেন হিটের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে তার দল সিডনি থান্ডার।
তার এই ব্যস্ততা শুরু হয় গত অগাস্টে। জিম্বাবুয়ে, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলেন তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সব ম্যাচেই একাদশে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচেই খেলেন ওয়ার্নার। এরপর বিগ ব্যাশে খেললেন ছয়টি ম্যাচ। মাঝে আবার নেতৃত্বে আজীবনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বোর্ডের দরজায়ও ঘুরতে হয়েছে তাকে।
সময় মিলিয়ে অবসন্ন হয়ে পড়েছেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। ব্যস্ত গ্রীষ্ম নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “চ্যালেঞ্জিং সময় ছিল। আমি বেশ ক্লান্ত, পরিশ্রান্ত।”
আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য দেশ ছাড়ার আগে স্রেফ পাঁচ দিন বিশ্রামের সময় পাচ্ছেন ওয়ার্নার। এর মধ্যে আবার একদিন চলে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ওয়ার্নার বললেন, এই অনুষ্ঠানে না যেতে পারলে ভালোই হতো তার জন্য।
“কয়েকজন আছে, যারা সংযুক্ত আরব আমিরাতের লিগে খেলতে গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডে থাকবে না। আমার দৃষ্টিতে, বাড়িতে আরেকটি রাত কাটাতে পারলে ভালো হতো। কিন্তু এখন আর কী করার।”
