২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নাহিদের মতো গতিময় একজনকে ‘মিস করবেন’ সিমন্স

গতিময় ফাস্ট বোলারের অভাব অনুভব করলেও দলের বাকিদের ওপর আস্থার কমতি নেই বাংলাদেশের প্রধান কোচের।

নাহিদের মতো গতিময় একজনকে ‘মিস করবেন’ সিমন্স

নাহিদ রানা। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 04:33 PM

Updated : 26 Oct 2026, 04:33 PM

অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর এবার সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেই নাহিদ রানা। তবে থেমে নেই তরুণ তারকাকে নিয়ে আলোচনা। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সরাসরিই বলেছেন, এমন একজন ফাস্ট বোলারের অভাব অনুভব করবে দল।

গত জুলাই থেকে চোটে ভুগছেন নাহিদ। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের পর সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান ২৩ বছর বয়সী পেসার। পরে অস্ট্রেলিয়া সফরে তাকে ছাড়াই প্রথম ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে অবশ্য ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাজেভাবে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে পুনর্বাসন প্রক্রিয়া চলার মাঝে ঊরু ও নিতম্বের অংশে নতুন করে ব্যথা অনুভব করেন তরুণ গতিময় পেসার। যে কারণে সংযুক্ত আরব আমিরাত সফরেও পাওয়া যায়নি তাকে।

আপাতত নতুন পুনর্বাসন প্রক্রিয়ায় অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন নাহিদ। সব ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর থেকে বোলিং শুরুর কথা তার। এরপর চোটের অবস্থার উন্নতির ওপর ঠিক হবে মাঠে ফেরার দিনক্ষণ।

তাই নাহিদকে ছাড়াই ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজের পরের টেস্টেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজ শুরুর আগে সোমবারের সংবাদ সম্মেলনে নাহিদের অভাববোধের কথা বললেও, বাকিদের ওপর আস্থার বার্তা দিলেন সিমন্স।

“নাহিদের মতো প্রতিভাবান একজন পেসার দলে না থাকলে তাকে মিস করতেই হবে। আমরাও তাকে মিস করেছি। তবে মনে রাখতে হবে, নাহিদকে ছাড়াও আমরা অস্ট্রেলিয়ায় জিতেছি। দেশের বাইরে গিয়েও ভালো ক্রিকেট খেলেছি।

“নাহিদকে অবশ্যই মিস করব, কিন্তু তার জায়গায় অন্য কেউ খেলবে এবং নিজের দায়িত্ব পালন করবে। হয়তো তার মতো এতটা গতিতে বল করতে পারবে না, তবে নিজের কাজটা ঠিকই করে দেবে।”

শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, শঙ্কা আছে সামনের দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে হয়তো পাওয়া যাবে না নাহিদকে। সিমন্সের আশা, যত দ্রুত সম্ভব ফিরে পাবেন বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্রকে।

“এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা তার সঙ্গে কাজ করছি। চোট কখনো দ্রুত সেরে যায়, আবার কখনো বেশি সময় লাগে। আমরা চেষ্টা করছি, অন্তত ওই সিরিজের আগে যেন তাকে পুরোপুরি ফিট করে তুলতে পারি।”

নাহিদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভাবনা অবশ্য ভিন্ন। সিমন্সের আগে সংবাদ সম্মেলন করা ক্যারিবিয়ান প্রধান কোচ ড্যারেন স্যামি বললেন, শুধু একজনকে নিয়ে ভাবছেন না তারা।

গতিময় পেসারকে নিয়ে করা প্রশ্নে সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলা বাংলাদেশ দলকে নিয়েই সামগ্রিক পরিকল্পনা সাজানোর কথা বলেন স্যামি।

“বাংলাদেশ এ বছর ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে দারুণ পারফর্ম করেছে। তাদের আত্মবিশ্বাসও এখন বেশ উঁচুতে। আমার দলেও, এ বছর বেশ কয়েকজন ক্রিকেটার ভালো খেলছে, পারফর্ম করছে।

“সব মিলিয়ে সিরিজটি নিয়ে আমি রোমাঞ্চিত। দিন শেষে পাঁচ দিনের ক্রিকেটে ব্যাট ও বলের লড়াইয়ে দুই দলই জিততে চাইবে। আশা করি, শেষ পর্যন্ত জয় হবে ওয়েস্ট ইন্ডিজের।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।