১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অনায়াস জয়ে সুপার এইটে আফগানিস্তান

পাপুয়া নিউ গিনির হারে গ্রুপ পর্ব থেকেই নিউ জিল‍্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেল।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:18 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

দারুণ বোলিংয়ে ফাজালহাক ফারুরি, নাভিন-উল-হকরা লক্ষ‍্য রাখলেন হাতের নাগালে। মোহাম্মাদ নাবিকে নিয়ে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাকিটা সারলেন গুলবাদিন নাইব। পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত‍্যাশিত জয়ে সুপার এইটে জায়গা করে নিল আফগানিস্তান।

ত্রিনিদাদে শুক্রবার ‘সি’ গ্রুপের ম‍্যাচে ৭ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। পাপুয়া নিউ গিনির ৯৫ রান তারা পেরিয়ে গেছে ২৯ বল বাকি থাকতে।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ রান রেটে পিছিয়ে আছে দুই নম্বরে। আফগানদের জয়ে নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্ব থেকেই নিউ জিল‍্যান্ডের বিদায়।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা ফারুকি এদিন নেন ১৬ রানে ৩ উইকেট। চলতি বিশ্বকাপে তিনি দ্বিতীয়বার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তিন ম্যাচে বাঁহাতি পেসারের উইকেট এখন ১২টি। 

আগের দুই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি উপহার দেওয়া ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ এবার ফেরেন দ্রুত। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইব্রাহিম। একটু পরেই তাকে অনুসরণ করনে ছন্দে থাকা গুরবাজ।

প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন গুলবাদিন ও আজমতউল্লাহ ওমারজাই। ১৮ বলে ১৩ রান করে ওমারজাই আউট হন। পরে আর উইকেট পড়তে দেননি গুলবাদিন ও নাবি। 

চ্যাড সোপেরের বলে ছক্কায় উড়িয়ে ম্যাচ শেষ করেন গুলবাদিন। ৪ চার ও ২ ছক্কায় ৩৬ বলে অপরাজিত থাকেন তিনি। নাবি করেন ২৩ বলে ১৬ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে আফগানিস্তান। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় পাপুয়া নিউ গিনি। একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে দলের স্কোর বাড়ান কিপলিন ডোরিগা।

১৮তম ওভারে ফেরার আগে ৩২ বলে ২৭ রান করে ডোরিগা। দুই অঙ্ক ছুঁতে পারেন আর দুই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত থেকে। বিশ্বকাপে এক ইনিংসে এর চেয়ে বেশি অতিরিক্ত রানের ঘটনা আছে আর দুটি। 

পাপুয়া নিউগিনির চার ব্যাটসম্যান রান আউট হন। বিশ্বকাপে কোনো দলের সবচেয়ে বেশি রান আউটের ঘটনা এটি। এর আগে ২০০৭ সালে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড ও ২০০৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের চার ব্যাটসম্যান হন রান আউট।

ফারুকির ৩ উইকেট ছাড়াও মাত্র ৪ রানে ২ শিকার ধরেন নাভিন। 

সংক্ষিপ্ত স্কোর:

পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১, ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রাশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমারজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)

আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নাবি ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: ফাজালহাক ফারুকি