২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মিরপুর টেস্টে রোহিতের সঙ্গে নেই সাইনিও

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন না ভারতীয় অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 10:00 PM

Updated : 20 Dec 2022, 10:00 PM

চোট নিয়ে দেশে ফিরে যাওয়া রোহিত শর্মা যে আর দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে ফিরছেন না, অনেকটা অনুমিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। সঙ্গে জানা গেল আরেকজনের চোটের খবর। অধিনায়কের পাশাপাশি পেসার নবদিপ সাইনিকেও মিরপুর টেস্টে পাচ্ছে না ভারত।

ভারতীয় বোর্ড বিসিসিআই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোহিতের চোটাক্রান্ত আঙুলের পরিচর্যা এখনও চলছে। শতভাগ দিয়ে ব্যাটিং ও ফিল্ডিং করার মতো ফিট হতে আরও কিছুটা সময় লাগবে তার।

গত ৭ ডিসেম্বর মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ক্যাচ নিতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান রোহিত। আঙুলের হাড় নড়ে যায় তার। হাতে সেলাই নিয়েই সেদিন তিনি শেষ দিকে নেমে ঝড়ো ফিফটি করেন। তবে চিকিৎসা করাতে দেশে ফিরে যান ম্যাচ।

তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। মিরপুর টেস্টেও তার কাঁধেই থাকবে নেতৃত্বের ভার।

আগামী সপ্তাহে রোহিতের আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ৩ জানুয়ারি।

সাইনি নিজেই দলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ শামি চোটে পড়ায়। ভারত’এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে ভালো করায় দলে ফিরতে পারেন তিনি। অবশ্য স্কোয়াডে থাকলেও চট্টগ্রাম টেস্টে তিনি খেলার সুযোগ পাননি। এবার মিরপুর টেস্ট থেকে বিবেচনার বাইরেই চলে গেলেন তিনি।

পেটের নিচের অংশের পেশিতে টান লেগেছে ৩০ বছর বয়সী এই পেসারের। এখন তিনি বেঙ্গালুরুতে জাতীয় একাডেমিতে গিয়ে শুরু করবেন পুনর্বাসন।

সাইনির বদলে কাউকে যোগ করা হচ্ছে না দলে। চট্টগ্রাম টেস্টে ভারতের একাদশে দুই পেসার ছিলেন উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। সাইনি ছিটকে যাওয়ার এখন বাইরে পেসার আছেন আর শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।