২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জয়

কুঁচকির চোটে অন্তত ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে মাহমুদুল হাসান জয়কে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 08:52 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। কুঁচকির চোটে ছিটকে গেলেন ‘এ’ দলের হয়ে দারুণ ছন্দে থাকা মাহমুদুল হাসান জয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই খবর জানিয়েছে বিসিবি। দ্বিতীয় টেস্টের আগে জয়ের সেরে ওঠার আশা করছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গত বুধবার কুঁচকিতে ব্যথা অনুভব করেন জয়। বিসিবির বিজ্ঞপ্তিতে বায়েজিদুল বলেন, স্ক্যান করে জানা গেছে জয়ের চোটের মাত্রা।

“এমআরআই ও শারীরিক নিরীক্ষার পর জানা গেছে ডান কুঁচকিতে গ্রেড-১ মাত্রার চোট পেয়েছেন জয়৷ এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে।”

“প্রথম টেস্টে খেলতে পারবেন না জয়। তবে আমরা আশা করছি, আগামী ৩০ অগাস্ট শুরু দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে। প্রতিদিন আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।”

রাওয়ালপিন্ডিতে আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে হবে পরের ম্যাচ।

এই সিরিজের আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছেন জয়। অস্ট্রেলিয়ার ডারউইনে দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে এনে দেন দারুণ এক জয়।

পরে ইসলামাবাদে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে জয়ের ব্যাট থেকে আসে ৬৫ রান। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি।