১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকের প্রশ্নে ভ্রু কুঁচকে রউফের জবাব ‘আপনি বোধহয় ঠিকমতো ম্যাচটি দেখেননি’

আফগানিস্তান ম্যাচে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি ফুটে ওঠে গতিময় এই পেসারের কণ্ঠে।

সাংবাদিকের প্রশ্নে ভ্রু কুঁচকে রউফের জবাব ‘আপনি বোধহয় ঠিকমতো ম্যাচটি দেখেননি’
হারিস রউফ। ছবি: পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

‘পাকিস্তানের ফিল্ডিং বাজে ছিল’, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হারিস রউফকে প্রশ্ন করার ফাঁকে এমন মন্তব্য করেন এক সাংবাদিক। তাতে বিরক্তি ফুটে ওঠে পাকিস্তানের এই গতিময় পেসারের চোখেমুখে। ওই সাংবাদিককে ম্যাচটি পুনরায় ভালোভাবে দেখার পরামর্শ দেন তিনি।

শারজাহতে শুক্রবার আফগানদের ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করে পাকিস্তান। তাদের এই জয়ে বড় ভূমিকা রাখেন রউফ। এক মেডেনসহ ৩১ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনি।

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি সিরিজটি দিয়ে এশিয়ার কাপের জন্য নিজেদের শাণিত করার সুযোগ পাচ্ছে দলগুলো। আরব আমিরাতেই আগামী মাসে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

রউফের সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলোকে স্রেফ প্রস্তুতি ম্যাচ বলে সম্বোধন করেন এক সংবাদিক। যা ভালো লাগেনি ৩১ বছর বয়সী ক্রিকেটারের। তার মতে, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে খেলে সবাই।

“আপনি এটাকে অনুশীলন ম্যাচ বলছেন, তবে আমার মতে, কোনো আন্তর্জাতিক ম্যাচই কেবল প্রস্তুতিমূলক নয়। আন্তর্জাতিক ম্যাচ সবসময় চাপ নিয়ে আসে এবং এটাকে গুরুত্ব না দিয়ে খেলতে পারবেন না। সেরা একাদশ বা দল যেমনই হোক না কেন, প্রদত্ত পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা থাকে।”

এরপরই ফিল্ডিং নিয়ে করা সাংবাদিকের মন্তব্যের জবাব দেন রউফ।

“আমার মনে হয়, আপনি হয়তো ম্যাচটি ঠিকমতো দেখেননি। ফিল্ডিংয়ে আমরা এমন কোনো ভুল করিনি। হয়তো ম্যাচটি যদি পুনরায় দেখেন, তাহলে দেখবেন যে ম্যাচটি আসলেই ভালো ছিল।”

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচ শনিবার আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।