২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরিংটন-লিস্কের দারুণ জুটিতে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের ‘প্রথম’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে চারবারের দেখায় প্রথম জয়ের স্বাদ পেল স্কটিশরা।

বেরিংটন-লিস্কের দারুণ জুটিতে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের ‘প্রথম’
ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 04:52 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

লক্ষ্যটা নাগালে রাখলেন বোলাররা। রান তাড়ায় চাপের মুখে দারুণ এক জুটি উপহার দিলেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল স্কটল্যান্ড।

বারবাডোজে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৫ উইকেটে। ১৫৬ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে চারবারের দেখায় প্রথম জয়ের দেখা পেল স্কটিশরা। আগের তিনবারই তারা হেরেছিল। 

এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন বেরিংটন। ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৭ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি।

অধিনায়কের সঙ্গে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৭২ রানের জুটি গড়েন লিস্ক। ১৭ বলে ৪টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। 

আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল স্কটল্যান্ডকে। নামিবিয়া তাদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে জিতেছিল।

কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় নামিবিয়া। যদিও পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে ফেলে তারা।

দলকে টানেন মূলত অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তিনি ছাড়া আর কেউ ত্রিশ ছাড়াতে পারেননি।

চারে নামা এরাসমাস ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। জেন গ্রিন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ২৭ বল খেলে। দুজন পঞ্চম উইকেটে গড়েন ৩৮ বলে ৫১ রানের জুটি।

৩৩ রানে ৩ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সফলতম বোলার ২৭ বছর বয়সী পেসার ব্র্যাডলি হুইল।

লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে ২৩ রানে জর্জ মানজিকে হারায় স্কটল্যান্ড। দলকে পঞ্চাশের কাছাকাছি নিয়ে যান মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলান। এরপর দ্রুত তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্কটিশরা।

১১ ওভারে ৭৩ রানে ৪ উইকেট হারানোর পর দলকে টানেন বেরিংটন ও লিস্ক। শেষ ৯ ওভারে তাদের দরকার ছিল ৮৩ রান, শেষ ৪ ওভারে যা দাঁড়ায় ৪০ রানে।

ডেভিড ভিসার করা ১৭তম ওভারে দুটি ছক্কা মারেন লিস্ক, একটি চার মারেন বেরিংটন। এই ওভারে আসে ১৯ রান। পরের ওভারে রুবেন ট্রাম্পেলমানকে একটি ছক্কা মারার পর আউট হয়ে যান লিস্ক। 

ক্রিস গ্রিভসকে নিয়ে বাকিটা সারেন বেরিংটন। ভিসাকে ছক্কা মেরে ম্যাচের ইতি টেনে দেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ২০ ওভারে ১৫৫/৯ (কোটজে ০, ডেভিন ২০, ফ্রাইলিঙ্ক ১২, এরাসমাস ৫২, ক্রুগার ২, গ্রিন ২৮, ভিসা ১৪, স্মিট ১১, শুলজ ৬*, লুনগামেনি ০*; হুইল ৪-০-৩৩-৩, কুরি ৪-০-১৬-২, সোল ৩-০-২৩-১, ওয়াট ৪-০-৩৯-০, গ্রিভস ৩-০-২৪-১, লিস্ক ২-০-১৬-১)  

স্কটল্যান্ড: ১৮.৩ ওভারে ১৫৭/৫ (মানজি ৭, জোন্স ২৬, ম্যাকমুলান ১৯, বেরিংটন ৪৭*, ক্রস ৩, লিস্ক ৩৫, গ্রিভস ৪*; ট্রাম্পেলমান ৪-০-৩৬-১, ভিসা ৩.৩-০-৩০-০, লুনগামেনি ৩-০-৩৯-১, শুলজ ৪-০-২০-১, এরাসমাস ৪-০-২৯-২)

ফল: স্কটল্যান্ড ৫ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: মাইকেল লিস্ক