২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভাগ্যকে দুষছেন রিশাভ পান্ত

মোহিত শার্মাকে স্টাম্পিং করতে না পেরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস অধিনায়ক বললেন, ক্রিকেটে ভাগ্য বড় ভূমিকা পালন করে।

দুর্ভাগ্যকে দুষছেন রিশাভ পান্ত
মোহিত শার্মাকে স্টাম্পিং করতে ব্যর্থ হন রিশাভ পান্ত। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 07:08 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

শেষ ওভারের প্রথম বলে উইকেট ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় ব্যর্থ হন মোহিত শার্মা। স্টাম্পিংয়ের সুবর্ণ সুযোগ পেয়ে যান রিশাভ পান্ত। কিন্তু ব্যাটসম্যানের প্যাডে লেগে আসা বল গ্লাভসে জমাতে পারেননি তিনি। আর তখনই ফসকে যায় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জয়ের সুযোগ। ম্যাচ শেষে দায়টা দুর্ভাগ্যকে দিলেন দলটির অধিনায়ক পান্ত।

আইপিএলে সোমবার ২০৯ রানের পুঁজি নিয়েও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিততে পারেনি লাক্ষ্ণৌ। তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

শেষ ওভারে ৬ রানের সমীকরণে স্ট্রাইকে ছিলেন দিল্লির একাদশ ব্যাটসম্যান মোহিত। তাকে বিদায় করে দারুণ এক জয়ের সুযোগ আসে লাক্ষ্ণৌর সামনে। কিন্তু স্টাম্পিংয়ের ওই সুযোগটা কাজে লাগাতে পারেননি পান্ত। পরে এলবিডব্লিউর রিভিউ নিয়েও সফল হয়নি তারা।

ওভারের দ্বিতীয় বলেও ফিল্ডিংয়ে গড়বড় করে লাক্ষ্ণৌ। তাতে এক রান নিয়ে আশুতোষ শার্মাকে স্ট্রাইক দেন মোহিত। পরের বলেই শাহবাজ নাদিমকে ছক্কায় উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশুতোষ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পান্ত বলেন, ভাগ্য সহায় হলে জয়ীর বেশে মাঠ ছাড়তে পারতেন তারা।

“নিশ্চিতভাবেই, এই খেলায় ভাগ্য ভূমিকা পালন করে। বলটা তার (মোহিত শার্মার) প্যাডে না লাগলে স্টাম্পিংয়ের সুযোগ ছিল। তবে ক্রিকেটে এসব ঘটেই। এসব দিকে মনোযোগ না দিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে।”

মিচেল মার্শের ৭২ ও নিকোলাস পুরানের ৭৫ রানের সৌজন্যে আগে ব্যাটিং করে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে লাক্ষ্ণৌ। পুরনো দলের বিপক্ষে খেলতে নেমে রানের খাতাই খুলতে পারেননি পান্ত।

পরে প্রথম ১০ বলের মধ্যে ৩ উইকেট ও ৬৫ রানের মধ্যে ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল্লিকে চেপে ধরে লাক্ষ্ণৌ। হারের শঙ্কা পড়া দলের হাল ধরেন আশুতোষ। ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫টি করে ছক্কা ও চারে ৩১ বলে ৬৬ রান করে দলের জয় নিয়ে ফেরেন তিনি। ১৫ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে বড় অবদান রাখেন ভিপরাজ নিগাম।