২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানকে উড়িয়ে শীর্ষে স্কটল্যান্ড

ব্র্যান্ডন ম্যাকমুলানের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পেল স্কটিশরা।

ওমানকে উড়িয়ে শীর্ষে স্কটল্যান্ড
রান তাড়ায় ২৭ বলে ফিফটি করেন ব্র্যান্ডন ম্যাকমুলান। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 03:20 AM

Updated : 26 Aug 2026, 09:45 AM

বিলাল খানের শর্ট বল সজোরে পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচের ইতি টেনে দিলেন ব্র্যান্ডন ম্যাকমুলান। তরুণ এই ব্যাটসম্যানের খুনে ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো লক্ষ্য স্কটল্যান্ড ছুঁয়ে ফেলল চতুর্দশ ওভারের শুরুতেই। ওমানকে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেল স্কটিশরা। উজ্জ্বল করল সুপার এইটে ওঠার সম্ভাবনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের জয় ৭ উইকেটে। ১৫১ রানের লক্ষ্য ৪১ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

স্রেফ ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ম্যাকমুলান।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে ওমান। তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে প্রাতিক ছাড়া উল্লেখ করার মতো কিছু করতে পারেননি আর কেউ।

ইনিংস শুরু করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রাতিক আউট হন ৫৪ রান করে। তার ৪০ বলের ইনিংস গড়া ৫ চার ও ২ ছক্কায়।

ছয় নম্বরে নামা আয়ান খানের ৩৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসের সুবাদে দেড়শ ছুঁতে পারে ওমান।

স্কটল্যান্ডের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে পাঁচ জন পান একটি করে উইকেট।

রান তাড়ায় তৃতীয় ওভারে মাইকেল জোন্সকে হারায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে জর্জ মানজি ও ম্যাকমুলান ২৯ বলে ৬৫ রানের বিস্ফোরক জুটিতে জয়ের পথে এগিয়ে নেন দলকে।

২০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪১ রান করে ফেরেন মানজি। চারে নেমে অধিনায়ক রিচি বেরিংটন একটি করে চার ও ছক্কা মেরে আউট হয়ে যান। ম্যাথু ক্রসকে নিয়ে বাকিটা সারেন ম্যাকমুলান।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর নামিবিয়াকে ৫ উইকেটে হারায় স্কটল্যান্ড। তিন ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট নামিবিয়া তিনে, ১ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চারে আছে। প্রথম তিন ম্যাচের সবগুলো হেরে তলানিতে ওমান।

গ্রুপের শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

ওমান: ২০ ওভারে ১৫০/৭ (প্রাতিক ৫৪, নাসিম ১০, আকিব ১৬, জিশান ৩, খালিদ ৫, আয়ান ৪১*, মেহরান ১৩, রাফিউল্লাহ ০, শাকিল ৩*; ওয়াট ৪-০-২৫-১, হুয়াইল ৪-০-১৯-১, সোলে ৪-০-৪১-১, শারিফ ৪-০-৪০-২, লিস্ক ৩-০-২১-০, গ্রিভস ১-০-২-১)

স্কটল্যান্ড: ১৩.১ ওভারে ১৫৩/৩ (মানজি ৪১, জোন্স ১৬, ম্যাকমুলান ৬১*, বেরিংটন ১৩, ক্রস ১৫*; বিলাল ২.১-০-১২-১, শাকিল ২-০-২৩-০, কালিমউল্লাহ ২-০-১৭-০, আকিব ৩-০-৪১-১, মেহরান ১-০-১৬-১, জিশান ২-০-২২-০, আয়ান ১-০-২০-০)

ফল: স্কটল্যান্ড ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ব্র্যান্ডন ম্যাকমুলান