২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির অভিজ্ঞতায় রোহিতের অগাধ আস্থা

পাকিস্তান ম্যাচের আগে দলের তারকা ব্যাটসম্যানকে নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 02:57 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

দুর্দান্ত একটি আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ভিরাট কোহলির। তবে এতে চিন্তার কিছু দেখছেন না রোহিত শার্মা। দলের তারকা ব্যাটসম্যানের ওপর অগাধ আস্থা ভারত অধিনায়কের। পাকিস্তান ম্যাচকে সামনে রেখে বলেছেন, কোহলির যে অভিজ্ঞতা তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।   

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৭৪১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নেন তিনি। আসরে ৬০০ রান করতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.৬৯ ও ব্যাটিং গড় ৬১.৭৫। 

ছন্দে থাকা এই ব্যাটসম্যানকে আইপিএলের পর বাড়তি কটা দিন ছুটি দেয় ভারতীয় বোর্ড। ছুটি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেও খেলেননি তিনি। বিশ্বকাপের মূল লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেন করতে নেমে পারেননি নিজেকে মেলে ধরতে। আউট হয়ে যান স্রেফ ১ রান করে।

এতে অবশ্য দুর্ভাবনার কিছু দেখেন না রোহিত। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক বললেন, পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত দলের সেরা ব্যাটসম্যান। তব শুরু কোহলি নয়, একাদশের সবাইকে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন রোহিত। 

“ম্যাচ জেতার জন্য আমি একজন বা দুজনের ওপর নির্ভর করতে চাই না। আমার মনে হয়, আমাদের ১১ জনেরই অবদান রাখতে হবে। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যারা আমাদের জন্য মূল ভূমিকা পালন করবে। কিন্তু আমি মনে করি, প্রত্যেকেরই যেভাবে সম্ভব তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।”

“ভিরাট বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেনি। তবে এই ম্যাচের আগে সে যথেষ্ট অনুশীলন করেছে…সে যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে, সারা বিশ্বে খেলেছে, বড় টুর্নামেন্টে খেলেছে, কোনো কিছুই এটাকে হারাতে পারবে না।”

নিউ ইয়র্কে রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তান লড়াই। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।