টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 22 May 2024, 06:28 PM
বাংলাদেশের আম্পায়ার হিসেবে অনেক প্রথমের জন্ম দেওয়া শরফুদ্দৌলা ইবনে শহীদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ২০জন আম্পায়ারকে দায়িত্ব দিয়েছে আইসিসি। সঙ্গে ম্যাচ রেফারি হিসেবে থাকা ছয় জনের নাম বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচেই মূল আম্পায়ারের একজন হিসেবে থাকবেন শরফুদ্দৌলা। তার সঙ্গে মাঠের দায়িত্বে থাকবেন ২০২৩ সালের বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি জেতা রিচার্ড ইলিংওয়ার্থ।
ডালাসে অনুষ্ঠেয় ম্যাচটিতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন স্যাম নোগাস্কি। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রিচি রিচার্ডসন।
সাবেক বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলা অনেক দিন ধরেই দেশের সেরা আম্পায়ার। গত মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। পূরণ করেন দেশের ক্রিকেটের দীর্ঘ দিনের এক শূন্যতা।
ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা বাংলাদেশের প্রথম আম্পায়ারও শরফুদ্দৌলা। ২০২৩ আসরে পাঁচটি ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে দাঁড়ান বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে।
২০১৭ ও ২০২২ সালে মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা। ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার ছিলেন তিনি। এবার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এই আম্পায়ার।
এখনও পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টি পরিচালনা করেছেন শরফুদ্দৌলা। বলার অপেক্ষা রাখে না, সব সংস্করণেই তা বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার্স: ক্রিস ব্রাউন, কুমার ধার্মাসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাহুডিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রাশিদ রিয়াজ,পল রাইফেল (অস্ট্রেলিয়া), ল্যাংটন রুসেরি, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারিজ: ডেভিড বুন, জেফ ক্রো, রাঞ্জান মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাগাভাল শ্রীনাথ।