বাংলাদেশকে দেড়শ রানে থামিয়ে আবার ব্যাটিংয়ে ভারত
বাংলাদেশ ফলো-অন এড়াতে না পারলেও আবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ২৫৪ রানে এগিয়ে থাকা ভারত।
শেষ দুই জুটি তৃতীয় দিনে লড়াই করল ৪৮ মিনিট। তবে রান বেশি এলো না। লোয়ার অর্ডারদের নিয়ে দলকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ফলো-অন এড়াতে না পারলেও অবশ্য আবার ব্যাটিংয়ে নামতে হলো না বাংলাদেশকে। বিশাল লিড পাওয়া ভারত শুরু করল রানের পাহাড় চাপিয়ে দেওয়ার অভিযান।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ১৫০ রানে। ভারতের লিড ২৫৪ রানের।
আগের দিনের চারটির সঙ্গে আরেকটি উইকেট যোগ করেন কুলদিপ যাদব। ৪০ রানে ৫ উইকেট এখনও পর্যন্ত তার ছোট্ট টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং।
২২ ম্যাচ পর টেস্ট খেলতে নেমেই বাঁহাতি রিস্ট স্পিনার পেলেন এই সাফল্য। আট টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার এই স্বাদ পেলেন তিনি।
তৃতীয় দিনে ১১.৫ ওভার খেলে বাংলাদেশ যোগ করতে পারে আর ১৭ রান।
আগের দিন ব্যাটিং বিপর্যয়ের পর শেষ বিকেলে খানিকটা প্রতিরোধ গড়া মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের জুটি তৃতীয় দিনেও শুরুটা করে ভালোই। মোহাম্মদ সিরাজের বলে ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পান ইবাদত। কুলদিপকে দারুণ এক ইনসাইড আউট শটে চার মারেন মিরাজ।
একটু পর কুলদিপই ভাঙেন এই জুটি। অনেকটা টার্ন করা এক বলে ফ্লিক করতে গিয়ে কিপারের হাতে ধরা পড়েন ১৭ রান করা ইবাদত।
মিরাজ ও ইবাদতের ৪২ রানের জুটিই ইনিংসের সর্বোচ্চ। দলের ব্যাটিংয়ের অবস্থা এখান থেকেই অনুমেয়!
শেষ জুটিতে দল দেড়শ স্পর্শ করে। শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদ চেষ্টা করেন উইকেটে পড়ে থাকার। কিন্তু দ্রুত রানের খোঁজে থাকা মিরাজ স্টাম্পড হয়ে যান আকসার প্যাটেলকে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে। শেষ হয় বাংলাদেশের ব্যাটিং যন্ত্রণার পালা।
২৫৪ রানের লিড নিয়ে বাংলাদেশকে ফলো-অন না করিয়ে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল আবার ব্যাটিংয়ে নেমে যান শুবমান গিলকে নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১৩৩/৮) ৫৫.৫ ওভারে ১৫০ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ২৫, তাইজুল ০, ইবাদত ১৭, খালেদ ০*; সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১৬-৬-৪০-৫, আকসার ৮.৫-৪-১০-১)।
