২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই তারকার তুলনা প্রসঙ্গে কানেরিয়া বললেন, ‘কোহলির জুতার সমানও নয় বাবর’

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার মতে, ভারতীয় তারকা ব্যাটসম্যানের ধারেকাছেও নেই বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 08:15 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজমের সঙ্গে ভারতীয় তারকা ভিরাট কোহলির তুলনা চলে প্রায়ই। যা নিয়ে সম্প্রতি বিস্ফোরক এক মন্তব্য করেন দানিশ কানেরিয়া। উত্তরসূরির কড়া সমালোচনা করে সাবেক এই লেগ স্পিনার বলেন, কোহলির মানের ধারেকাছেও নেই পাকিস্তান অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই জোর আলোচনা চলছে কোহলি ও বাবরকে নিয়ে। দুই জনের পারফরম্যান্স নিয়ে করা হচ্ছে নানা বিশ্লেষণ।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কানেরিয়া এসবের কোনো মানেই খুঁজে পাচ্ছেন না। আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, কোহলির ধারেকাছেও নেই বাবর।

“বাবর আজম সেঞ্চুরি করলেই পরের দিন তার সঙ্গে ভিরাট কোহলির তুলনা দেখতে পাবেন। কিন্তু, বিরাট কোহলির জুতোর সমানও নয় বাবর আজম।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের হারের পর বাবরকে শূলে চড়িয়েছেন কানেরিয়া। তার মতে, যুক্তরাষ্ট্রের বোলারদের খেলার দক্ষতাই নেই ডানহাতি এই ব্যাটসম্যানের।

“যুক্তরাষ্ট্রের বোলাররা তাকে আটকে রেখেছিল; সে তাদের খেলতেই পারেনি। ৪০ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে আউট হয়ে যায়। তার উচিত ছিল টিকে থাকা এবং ম্যাচটি জেতানো। পাকিস্তানের উচিত ছিল ম্যাচটি অনায়াসে জেতা।”

শুধু বাবরকে নয়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের দায় পুরো দলকেই দিয়েছেন কানেরিয়া। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, খেলতে নয় পরিবার নিয়ে যেন ছুটি কাটাতে গিয়েছে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা।

“পাকিস্তান ক্রিকেট দল মানেই তামাশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তারা সিরিয়াস নয়; সপরিবারে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন তারা। বিরাট কোহলির ধারেকাছেও নেই বাবর আজম।”