সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের জয়
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার উপলক্ষ জয়ে রাঙাল যুক্তরাষ্ট্র, জিতল বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই।
জয়ের জন্য ৪৫ বলে দরকার ৫৬ রান, হাতে ৯ উইকেট। ফিফটি করে উইকেটে আছেন একজন। ম্যাচের লাগাম যুক্তরাষ্ট্রের মুঠোয়। সেখান থেকেও তারা পড়ে যায় হারের শঙ্কায়। তবে শেষ বলে বাউন্ডারিতে ম্যাচ টেনে নেয় সুপার ওভারে। সেখানে দারুণ বোলিং-ফিল্ডিংয়ে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক জয় তুলে নিল যুক্তরাষ্ট্র।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার উপলক্ষ দারুণ জয়ে রাঙাল যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথম দুই ম্যাচেই জিতল তারা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ৯ ওভারে মাত্র ৪৬ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ১৫৯ রানের পুঁজি গড়তে পারে ৭ উইকেট হারিয়ে। জবাবে ৩ উইকেটে ১৫৯ রানেই থামে যুক্তরাষ্ট্র।
শেষ দুই ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে মোহাম্মদ আমির দেন কেবল ৬ রান। শেষ ওভারে ১৫ রানের সমীকরণে হারিস রউফের প্রথম ৩ বলে আসে ৩ রান, এর মধ্যে অ্যারন জোন্সের একটি ক্যাচ ফেলেন শাহিন শাহ আফ্রিদি।
বাকি ৩ বলে চাই ১২। চতুর্থ বল ফুল টস পেয়ে ছক্কা মারেন জোন্স। পঞ্চম বলে আসে ১ রান। শেষ বলে ফুল টসে মিড অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে চার মেরে ম্যাচ সুপার ওভারে নেন নিতিশ কুমার।
সুপার ওভারে আমিরের প্রথম বলে জোন্স চার মারলেও আর কোনো বাউন্ডারি আসেনি। তবে অভিজ্ঞ পেসারের এলোমেলো বোলিং আর আলগা ফিল্ডিংয়ে মোট ১৮ রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র।
জবাবে পেসার সৌরভ নেত্রাভালকারের ওভার থেকে পাকিস্তান ১ উইকেট হারিয়ে করতে পারে ১৩ রান। তৃতীয় বলে লং অফ থেকে সামনে ছুটে এসে ইফতিখার আহমেদের দুর্দান্ত ক্যাচ নেন নিতিশ।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয় সেটি। এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় তারা।
এবার ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে ধরা দিল ঐতিহাসিক জয়। চলতি আসরে প্রথম অঘটনের জন্ম দিল তারাই।
লক্ষ্যটা নাগালে রাখতে ৩০ রানে ৩ উইকেট নিয়ে তাদের সফলতম বোলার বাঁহাতি স্পিনার কেজিগে। রান তাড়ায় ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রানের ইনিংসে দলকে পথ দেখান অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। কানাডার বিপক্ষে ১০ ছক্কায় ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলা জোন্স এবার খেলেন ২৬ বলে ৩৬* রানের মূল্যবান ইনিংস।
শেষের মতো ম্যাচের শুরুটাও ভালো করে যুক্তরাষ্ট্র। মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলে দারুণ একটি ছক্কা মারেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস টেনে নিতে পারেননি। পরের ওভারে স্লিপে স্টিভেন টেইলরের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি।
তিনে নেমে উসমান খান টিকতে পারেন কেবল ৩ বল। ফাখার জামান প্রথম বলে ছক্কা মারলেও তার ইনিংস থামে দুই অঙ্ক ছোঁয়ার পরই। তার আগে রান আউট হতে হতেও বেঁচে যান বাবর আজম।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারে কেবল ৩০ রান, ৯ ওভারে যা দাঁড়ায় ৪৬। দশম ওভারের শুরুতে টানা দুই ছক্কায় রানের গতি কিছুটা বাড়ান শাদাব খান। এই ওভারে সব মিলিয়ে আসে ২০ রান।
বাবর রানের জন্য সংগ্রাম করছিলেন শুরু থেকে। প্রথম ২৪ বলে তার রান ছিল মাত্র ১০। প্রথম বাউন্ডারির দেখা পান তিনি ২৫তম বলে! এক বল পর আরেকটি চার মেরে, ভিরাট কোহলিকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
৪৮ বলে ৭২ রানের জুটি ভাঙে শাদাবের বিদায়ে। ২৫ বলে ৩ ছক্কা ও এক চারে তিনি করেন ৪০ রান। কেজিগের পরের বলে শূন্য রানে বিদায় নেন আজম খান। টানা দুই ম্যাচে এই তেতো স্বাদ পেলেন তিনি।
বাবরের ৩ চার ও দুই ছক্কায় গড়া ৪৩ রানের ৪৪ রানের ইনিংস থামে ষোড়শ ওভারে। ইফতিখার (১৪ বলে ১৮) ও আফ্রিদির (১৬ বলে ২৩*) দুটি ক্যামিওতে দেড়শ ছাড়াতে পারে পাকিস্তান।
রান তাড়ায় শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্র। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৩৬ রান তোলে তারা। পরের ওভারে টেইলরকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন নাসিম শাহ।
দলকে এগিয়ে নেন এরপর মোনাঙ্ক ও আন্দ্রিয়েস হাউস। ১০ ওভার শেষে যুক্তরাষ্ট্রের রান ছিল ১ উইকেটে ৭৬। আফ্রিদিকে পরপর চার ও ছক্কায় মোনাঙ্ক ৩৪ বলে পূর্ণ করেন ফিফটি। ত্রয়োদশ ওভারে শতরান স্পর্শ করে যুক্তরাষ্ট্র।
৯ উইকেট হাতে নিয়ে শেষ ৭ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার যখন ৫৬ রান, এরপরই হাউসকে (২৬ বলে ৩৫) ফিরিয়ে ৪৮ বলে ৬৮ রানের জুটি ভাঙেন রউফ। পরের ওভারে ফিরে যান মোনাঙ্কও।
দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ের পর ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সমীকরণ। তবে জোন্স ও নিতিশের ৪৮ রানের জুটিতে ম্যাচ সুপার ওভারে নেওয়ার পর স্মরণীয় জয়ের উল্লাসে মাতল স্বাগতিকরা।
অন্যদিকে, পাকিস্তানের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা হলো একরাশ হতাশা নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৫৯/৭ (রিজওয়ান ৯, বাবর ৪৪, উসমান ৩, ফাখার ১১, শাদাব ৪০, আজম ০, ইফতিখার ১৮, আফ্রিদি ২৩*, রউফ ৩*; কেজিগে ৪-০-৩০-৩, নেত্রাভালকার ৪-০-১৮-২, আলি খান ৪-০-৩০-১, হারমিত ৪-০-৩৪-০, জাসদিপ ৩-০-৩৭-১, অ্যান্ডারসন ১-০-৬-০)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৫৯/৩ (টেইলর ১২, মোনাঙ্ক ৫০, হাউস ৩৫, জোন্স ৩৬*, নিতিশ ১৪*; আফ্রিদি ৪-০-৩৩-০, আমির ৪-০-২৫-১, নাসিম ৪-০-২৬-১, রউফ ৪-০-৩৭-১, শাদাব ৩-০-২৭-০, ইফতিখার ১-০-১০-০)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী যুক্তরাষ্ট্র
ম্যান অব দা ম্যাচ: মোনাঙ্ক প্যাটেল
