মাশরাফির পঞ্চম নাকি ইমরুলের তৃতীয়?
বিপিএলে একাধিক শিরোপাজয়ী দুই অধিনায়ক এবার মুখোমুখি হচ্ছেন নতুন উচ্চতায় পা রাখতে।
আতিপাতি করে খুঁজেও দুজনের মধ্যে মিল খুব একটা পাওয়া যাবে না। একজন ব্যাটসম্যান, আরেকজন মূলত বোলার বলেই শুধু নয়, তাদের ক্রিকেটের ধরন, বোধ, দর্শন, এমনকি চরিত্র, জীবনাচরণেও মিল কিছু নেই। নেতৃত্বের ধরনে তো নেই। কিন্তু অধিনায়কত্বে একটি জায়গায় দুজন একই বন্ধনীতে, যেখানে নেই আর কেউ। অধিনায়ক হিসেবে বিপিএলে একাধিক শিরোপা জয়ের কৃতিত্ব নেই আর কারও। মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস এবার মুখোমুখি হচ্ছেন নিজেদের আরেক ধাপ ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে।
বিপিএলের নবম আসরের ফাইনালে যখন বৃহস্পতিবার সন্ধ্যায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স, দুই অধিনায়কের সামনেও থাকবে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি। বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে, তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।
বিপিএল শিরোপার সঙ্গে ইমরুলের পরিচয় মাশরাফির নেতৃত্বেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও সেটি ছিল প্রথম আসরে প্রথম শিরোপা। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা থেকে শুরু করে ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক মাশরাফির যে ইন্দ্রজালের ছড়িয়ে চলা, বছরের শেষে সেটির রেশ আচ্ছন্ন করে বিপিএলকেও। কাগজে-কলমে খুব শক্তিশালী দল না গড়েও প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। ব্যাটে-বলে-নেতৃত্বে মাশরাফি রাখেন বড় ভূমিকা।
সেবার ফাইনালে বরিশাল বুলসের বিপক্ষে জয়ে ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। পরের আসরেও মাশরাফির নেতৃত্বে কুমিল্লায় খেলেন ইমরুল। সেবার যদিও শীর্ষ চারে থাকতে পারেনি তাদের দল। এরপর মাশরাফির পথ যায় বেঁকে। ইমরুল রয়ে যান কুমিল্লাতেই। ক্রমে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বন্ধন আরও জোরাল হয় তার। একসময় নেতৃত্বও পান। সময়ের পালায় মাশরাফির পর বিপিএলের সফলতম অধিনায়ক হয়ে ওঠেন তিনিই।
এমনিতে বিপিএলে দুজনের পথচলা শুরু টুর্নামেন্টের জন্মের ক্ষণ থেকেই। প্রথম বিপিএলের আগে অবশ্য চোটাঘাতে জর্জরিত মাশরাফির ক্যারিয়ার অনেকটাই দূরে সরে গিয়েছিল পাদপ্রদীপের আলো থেকে। বিপিএলের নিলামেও শুরুর দুই ডাকে তাকে নেয়নি কোনো দল। শেষ সময়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাকে দলে নেয় ৪৫ হাজার ডলারে। দেশের অন্য শীর্ষ ক্রিকেটারদের তুলনায় যা ছিল ঢের কম।
পরে দলের অধিনায়ত্বের ভারও দেওয়া হয় তাকেই। এরপর লোকে যেমন বলে, ইতিহাস! প্রথম আসরেই তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা। পরেরবার আরও তারকাখাচিত দল সাজিয়ে মাশরাফির নেতৃত্বেই তারা ধরে রাখে শিরোপা।
ফিক্সিং বিতর্কে পরে বন্ধ হয়ে যায় বিপিএল। ২০১৫ আসরে যখন আবার শুরু হয়, বিপিএলে মাশরাফির নেতৃত্বের ঝলক মূলত তখন থেকেই দেখানোর শুরু। দেশের বড় তারকাদের কেউ সেবার কুমিল্লা দলে ছিলেন না। বিদেশি ক্রিকেটারের তালিকায় ছিল না তেমন কোনো বড় নাম। কিন্তু তারাই শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা।
তখনও পর্যন্ত বিপিএলে আসর তিনটি। তিনবারই চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি।
সেই ধারায় ছেদ পড়ে ২০১৬ আসরে। এবারও কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফিই। কিন্তু শীর্ষ চারে জায়গা পায়নি দল।
পরের আসরেই আবার প্রত্যাবর্তন মাশরাফির চ্যাম্পিয়ন সত্ত্বার। এবার তার নেতৃত্বে প্রথমবার শিরোপার স্বাদ পায় রংপুর রাইডার্স। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লস, রবি বোপারাদের নিয়ে সেবার রংপুরের দলও ছিল দারুণ। এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি করেন গেইল, দ্বিতীয় কোয়ালিফায়ারে চার্লস। পরে ফাইনালে ১৪৬ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন গেইল।
বিপিএলে অধিনায়ক মাশরাফির শ্রেষ্ঠত্ব তাতে প্রতিষ্ঠিত হয় আরও। তবে সেটিই এখনও পর্যন্ত তার সবশেষ বিপিএল শিরোপা।
২০১৯ আসরে রংপুর রাইডার্স তার নেতৃত্বে লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারেনি ফাইনালে। পরের আসরে ঢাকা প্লাটুন তার অধিনায়কত্বে বিদায় নেয় এলিমিনেটর ম্যাচ শেষে। গত বছর মিনিস্টার গ্রুপ ঢাকা দলে থাকলেও নেতৃত্বে ছিলেন না তিনি। চোটের কারণে খেলতে পারেন স্রেফ চারটি ম্যাচ।
এবার সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ তার পরিচিত। পরিকল্পনা, দল গড়া থেকে শুরু করে অনেক কিছুতেই তিনি সম্পৃক্ত ছিলেন শুরু থেকে। তাদের বাজেট যদিও বিশাল ছিল না, বড় কোনো বিদেশি ক্রিকেটার তারা আনতে পারেননি, কিন্তু মাশরাফির নেতৃত্বে সেই দলই এখন ফাইনালে।
টুর্নামেন্টের উইকেট শিকারের তালিকায়ও এক পর্যায়ে তিনি ছিলেন শীর্ষে। পরে চোটের কারণে নিয়মিত বোলিং করতে পারেননি। তবে অবদান রেখে চলেছেন যথারীতি। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ সময়ে তার একটি ওভার বাড়িয়ে দেয় প্রতিপক্ষের চাপ। ব্যাট হাতে গত দুই ম্যাচেই খেলেছেন দারুণ ক্যামিও ইনিংস।
মাশরাফি তার নেতৃত্বের চূড়ায় থাকলে যেমনটি দেখা যায়, সিলেট স্ট্রাইকার্সের পুরো পথচলায় ছিল সেই প্রভাব আর ছায়া। তরুণদের আগলে রাখা, গোটা দলকে নির্ভার করে তোলা, খেলাকে উপভোগ্য করার চেষ্টা, উজ্জীবিত করে প্রাণশক্তিতে ভরপুর রাখা, একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের ছোট-বড় নানা সিদ্ধান্তে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক ও দূরদর্শীতার ছাপ রাখা, সবই আছে এবার সিলেট দলে তার নেতৃত্বে। দলটিকে মাশরাফির দল বলেই মনে হচ্ছে।
ইমরুলের নেতৃত্বের পুরোই আলাদা। কোনো কিছুতেই তিনি খুব প্রকাশ্য নন। তার সরাসরি ছাপ তেমন দেখা যায় না দলে। ‘ইমরুলের দল’ বলে কিছু কখনও শোনা যায়নি। তবে ফলাফলই বলছে, তিনি নিজের ধরনে যথেষ্ট সফল ও কার্যকর।
বিপিএলের প্রথম আসরে তিনি খেলেছেন সিলেট রয়্যালসের হয়ে। পরেরবার রংপুর রাইডার্সে। তৃতীয় আসর থেকে লম্বা সময় রয়ে যান কুমিল্লার আশ্রয়ে। ২০১৯ আসর থেকে তিনি হয়ে ওঠেন কাণ্ডারি। সেবার প্রথম দুই ম্যাচে যদিও নেতৃত্বে দিয়েছিলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান এই গ্রেট চলে যাওয়ার পর তামিম ইকবালকে অধিনায়ক করা হবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু তামিম তা নিতে চাননি। দায়িত্ব বর্তায় ইমরুলের ওপর। তিনি তা আলিঙ্গন করে নেন দুহাতে।
সাফল্যের দেখা পান নেতৃত্বের প্রথম অভিযানেই। ফাইনালে তামিমের ১৪১ রানের অসাধারণ ইনিংসে শিরোপা জেতে কুমিল্লা।
২০১৯-২০ আসর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাটানোর পর গত আসরে আবার ফিরে আসেন কুমিল্লায় অধিনায়ক হয়ে। এবার ধরা দেয় শিরোপা। ২০১৯ বিপিএলে আড়াল থেকে তাকে সহায়তা করার জন্য তামিম ছিলেন। গতবার তিনিই নিজেকে মেলে ধরেন নেতৃত্বে।
কুমিল্লাকে শিরোপা এনে দেওয়া দুই আসরের কোনোটিতেই ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ২০১৯ বিপিএলে ১৩ ইনিংসে ১৮৩ রান করেছিলেন তিনি ১৬.৬৩ গড়ে। সর্বোচ্চ ছিল ৩৯। গত বিপিএলে ১১ ইনিংসে ১৯৬ রান করেন ১৯.৬০ গড়ে। এবারও ১২ ইনিংসে মাত্র ১৮ গড়ে তার রান ২১৬।
তার পরও তার দল ফাইনালে উঠেছে সবার আগে। খুব বেশি প্রকাশ্য না হলেও নিশ্চয়ই তার নেতৃত্বে কিছু ব্যাপার আছেই!
বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের এনে কুমিল্লা অবশ্য দারুণ দল গড়ে আসছে গত আসর থেকেই। সুনিল নারাইন, ফাফ দু প্লেসি, মইন আলিরা ছিলেন গত আসরে। এবার নারাইন, মইনের সঙ্গে আছেন জনসন চার্লস, আন্দ্রে রাসেলরা। খেলে গেছেন মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহও। দেশের ক্রিকেটের বড় তারকা লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানরা তো আছেনই। এই ধরনের পারফর্মার থাকলে অধিনায়কের কাজ সহজ হয় বটে। তবে তাদেরকে এক সুতোয় গাঁথা, তাদের কাছ থেকে সেরাটা আদায় করার কাজটি তো সহজ নয়। এই কৃতিত্ব ইমরুলের প্রাপ্য।
কুমিল্লার কোচ বরাবরই মোহাম্মদ সালাউদ্দিন, যিনি দলকে নিজের মতো করে পরিচালনা করতে পছন্দ করেন। কোচের কৌশল ও পরিকল্পনার সঙ্গে মাঠের ক্রিকেটের সংযোগ ঘটানোর কাজটি সাফল্যের সঙ্গে করে আসছেন ইমরুল।
সেই পথ ধরেই তিনি আরেকটি ফাইনালে। ক্রিকেটীয় শক্তির বিচারে ফাইনালের প্রতিপক্ষ খুব কঠিন নয়। ইমরুলের দলই তাই নামবে ফেভারিট হিসেবে। তবে শিরোপা মঞ্চে আগে কখনও মাশরাফির মুখোমুখি হননি ইমরুল। প্রতিপক্ষ অধিনায়ক মাশরাফি মানেই তো সেই দলের কাগজ-কলমের শক্তির সঙ্গে বাড়তি কিছু থাকা। ইমরুলের তৃতীয় শিরোপার পথে সবচেয়ে বড় বাধা হয়তো সেটিই, ‘মাশরাফি-প্রভাব।’
