ডিমেরিট পয়েন্ট পেল ৮৬৬ বলে শেষ হওয়া টেস্টের ভেন্যু
অস্ট্রেলিয়ায় টেস্ট ইতিহাসের দ্বিতীয় সংক্ষিপ্ততম ম্যাচ ছিল এটি।
সম্ভাব্য ৪৫০ ওভারের মধ্যে ১৪৫ ওভারের আগেই খেলা শেষ। সেখানে শুধু দুই দলের আগুনে বোলিং কিংবা ব্যাটিং ব্যর্থতাই নয়, অনুসঙ্গ হিসেবে ছিল ‘বিপজ্জনক’ উইকেটও। অবধারিতভাবে তাই শাস্তির ঘোষণাও এলো ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটের জন্য। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে ঐতিহ্যবাহী এই মাঠের উইকেটকে ‘গড়পড়তা মানের নিচে’ রেটিং দিল আইসিসি।
গত শনিবার শুরু হয় এই টেস্ট। মঙ্গলবার হওয়ার কথা চতুর্থ দিনের খেলা। কিন্তু এ দিনই এলো আইসিসির রায়। খেলা তো শেষ দ্বিতীয় দিন চা বিরতির পরই। ‘বিলো অ্যাভারেজ’ রেটিংয়ের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এই উইকেটকে।
চার ইনিংস মিলিয়ে ৮৬৬ বল খেলা হয় এই টেস্টে। অস্ট্রেলিয়ায় যা ৯০ বছরের মধ্যে সবচেয়ে ছোট টেস্ট। সেই ১৯৩২ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মেলবোর্ন টেস্ট শেষ হয়েছিল ৬৫৬ বলে।
এই ম্যাচের উইকেট এতটা সবুজ ছিল যে, মাঠ থেকে আলাদা করাই ছিল কঠিন। তবে শুধু ঘাসের কারণে নয়, ব্যাটসম্যানদের জন্য এটি দুঃস্বপ্ন হয়ে উঠেছিল অসম বাউন্সের কারণেও।
আইসিসি ম্যাচ রেফারি সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসনের পর্যবেক্ষণেও উঠে আসে এটিই।
“গ্যাবায় এই টেস্ট ম্যাচের উইকেট অনেক বেশিই বোলিং সহায়ক ছিল। বাড়তি বাউন্স ছিল, সিম মুভমেন্ট ছিল অতিরিক্ত। দ্বিতীয় দিনে মাঝেমধ্যে কিছু ডেলিভারি নিচু হয়ে যায়, ব্যাটসম্যানদের জন্য তাতে জুটি গড়ার কাজ কঠিন হয়ে ওঠে। যেহেতু ব্যাট-বলের সমান লড়াইয়ের সুযোগ ছিল না এখানে, আইসিসির নীতিমালা অনুযায়ী আমার কাছে এটিকে গড়পড়তা মানের নিচে মনে হয়েছে।”
এই টেস্টের প্রথম দিনেই উইকেট পড়ে ১৫টি। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৫২ রানে, অস্ট্রেলিয়া দিন শেষ করে ৫ উইকেটে ১৪৫ রানে। পরের দিনে পতন হয় ১৯ উইকেটের। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ৯৯ রানেই। জয়ের জন্য শেষ ইনিংসে ৩৪ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায়ও অস্ট্রেলিয়া হারায় ৪ উইকেট।
দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার ম্যাচের পর এই পিচকে বলেন ব্যাটসম্যানদের জন্য ‘বিপজ্জনক।’ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বিপজ্জনক না বললেও পিচকে বলেন ‘ট্রিকি।’ অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ খেলার পর বলেন, তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং উইকেটগুলোর একটি এটি।
এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কোনো পিচ ‘গড়পড়তা মানের নিচে’ রায় পেল। ২০১৮ সালের জানুয়ারিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটকে একই রেটিং দেওয়া হয়েছিল অতিরিক্ত ব্যাটিং বান্ধব হওয়ায়।
